Haryana Election Result 2024: মঙ্গলে ৯০ আসনের ফলাফল, হরিয়ানায় নজরে পাঁচ বিধানসভার হেভিওয়েটদের লড়াই
Haryana Election Result 2024: রাত পোহালেই হরিয়ানায় ভোটগণনা (Haryana Poll Result)। ৯০টি বিধানসভা আসনে (Assembly Seats) ১০৩১ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষার ফল জানা যাবে মঙ্গলবার। বিজেপির প্রত্যাবর্তন নয়, বরং ক্ষমতার পালাবদলের ইঙ্গিত দেওয়া হয়েছে বুথ ফেরত সমীক্ষাগুলিতে (Haryana Exit Poll)। সমীক্ষা সত্য় প্রমাণিত হলে, ১০ বছর বিরোধী আসনে থাকার পর হরিয়ানায় ক্ষমতায় ফিরতে পারে কংগ্রেস (Congress)।
হরিয়ানার বিধানসভা ভোটে (Haryana Assembly Election) লড়াইয়ের ময়দানে মূলত চারটি রাজনৈতিক দল। বিজেপি, কংগ্রেস তো বটেই, একইসঙ্গে প্রার্থী দিয়েছে কেজরিওয়ালের আম আদমি পার্টি (Aam Admi Party) ও জননায়ক জনতা পার্টি। প্রার্থী দিয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলও। ৫ অক্টোবর এক দফায় ভোটে মোট ৬৭ শতাংশ ভোট পড়েছিল হরিয়ানায়।

হরিয়ানায় ভোটগণনায় ৯০টির মধ্যে বিশেষ নজরে ৫ বিধানসভার হেভিওয়েট প্রার্থীরা (5 Key Constituencies)। এদের মধ্যে রোহটাকের গঢ়ী সাম্পলা কিলোই (Garhi Simpla Kiloi) আসনটিতে হতে চলেছে জোর টক্কর। কংগ্রেসের তরফে এখানে লড়ছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা (Bhupinder Singh Hooda)।
তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে মঞ্জু হুডা ও আপের তরফে প্রার্থী হয়েছেন প্রবীণ গুসকানি। ২০০৯, ২০১৪ ও ২০১৯ সালে এই আসন থেকেই জিতেছেন ভূপিন্দর সিং হুডা। বুথ ফেরত সমীক্ষায় জয়ের ইঙ্গিত মেলার পরই হুডাকে ঘিরে ফের আশায় বুক বাঁধছে হাত শিবির।
কুরুক্ষেত্রের লাডওয়া বিধানসভা (LADWA) আসন থেকে লড়ছেন খোদ হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি (Nayab Singh Saini)। বিজেপির সাইনির বিরুদ্ধে দলেরই বিধায়ককে দাঁড় করিয়েছে কংগ্রেস। মেওয়া সিং-কে প্রার্থী করেছে হাত শিবির। নয়াব সিং সাইনির বিরুদ্ধে জোগা সিং-কে প্রার্থী করেছে আম আদমি পার্টি। ২০১৪-তে বিজেপির দখলে ছিল লাডওয়া বিধানসভা, ২০১৯-এ কংগ্রেস জেতে ওই আসনে।
বিধানসভা নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ আসন জিন্দ জেলার জুলানা (Julana)। এই আসনে কুস্তিগীর ভিনেশ ফোগাতকে (Vinesh Phogat) প্রার্থী করা কংগ্রেসের মাস্টারস্ট্রোক বলে মনে করছে রাজনৈতিক মহল। জুলানা আসনেই ছোট থেকে বেড়ে ওঠা ভিনেশের। যদিও এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে মনে করছে বিজেপি।
হরিয়ানা বিজেপির যুবমোর্চার সহ সভাপতি তথা বিমানচালক ক্যাপ্টেন যোগেশ বৈরাগীকে (Yogesh Bairagi) প্রার্থী করেছে গেরুয়া শিবির। এদিকে ভিনেশের পাল্টা আপের বাজি WWE-র কুস্তিগীর কবিতা দালাল (Kavita Dalal)। ২০০৯ ও ২০১৪-তে আইএলডির পরমিন্দর সিং জেতেন জলানা আসন থেকে। ২০১৯-এ আসন ছিনিয়ে নেন জেজেপির অমরজিৎ ধান্দা।
নজরে জিন্দ জেলার আরও একটি আসন। উচানা কালান (Uchana Kalana) আসনে প্রার্থী জেজেপি নেতা তথা হরিয়ানার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌতালা (Dushyant Chautala)। প্রাক্তন উপ প্রধানমন্ত্রী দেবী লালের নাতি হিসেবে এই আসনে জোর টক্কর দিতে চলেছেন তিনি। বিজেপির দেবেন্দ্র আট্রি, আপের পবন ফৌজি ও কংগ্রেসের তরফে প্রাক্তন আমলা বিজেন্দ্র সিংকে প্রার্থী করা হয়েছে এই আসনে।
২০০৯ এ এই আসন জেতেন আইএনএলডি প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালা। ২০১৪-তে বিজেপির প্রেম লতা আসন ছিনিয়ে নেন। ২০১৯-এ ফের জেজেপির দুষ্যন্ত জেতেন এই আসনে। ২০২৪-এ ভোটের আগে আগেই বিজেপির সঙ্গে জোট ত্যাগ করে জেজেপি।
পাঁচ বিধানসভার মধ্যে সবশেষে নজরে গুরগাঁও (Gurgaon) আসনটি। রাজধানীর ধারঘেঁষা এই শহরে আসন ধরে রেখেছে বিজেপি। যদিও এবারে জোর টক্কর দিতে চলেছেন কংগ্রেসের মোহিত গ্রোভার। ২০১৯ এ নির্দলে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন তিনি। পাল্টা বিজেপির মুকেশ শর্মা ও আপের নিশান্ত আনন্দও সামিল হাড্ডাহাড্ডি লড়াইয়ে।












Click it and Unblock the Notifications