গুরুগ্রামকাণ্ডে সিবিআই তদন্তে রাজি মুখ্যমন্ত্রী খট্টর, পিছিয়ে যেতে চলেছে চার্জশিট পেশ
রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র প্রদ্যুম্ন ঠাকুর হত্যাকাণ্ডে সিবিআই তদন্তে পক্ষেই সওয়াল করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর
রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র প্রদ্যুম্ন ঠাকুর হত্যাকাণ্ডে সিবিআই তদন্তে পক্ষেই সওয়াল করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। শুক্রবারই নিহত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। সেখানেই তিনি জানান, রাজ্য পুলিশের তদন্ত সন্তোষজনক কিন্তু তা সত্ত্বেও তিনি কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়ে সিবিআই তদন্তের আর্জি জানাবেন।

শুক্রবার নিহত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করে তিনি বলেন, যা ঘটেছে তা খুবই দুর্ভাগ্যজনক। এদিকে রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করেছে পুলিশ। সেক্ষেত্রে স্কুলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে কিনা সেই প্রসঙ্গে খট্টর বলেন, সমস্ত দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে রেয়াত করা হবে না বলে সাফ জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী।

এই ঘটনায় ৭দিনের মধ্যে চার্জশিট জমা দেওয়ার আশ্বাস দিয়েছিল হরিয়ানা পুলিশ। কিন্তু সিবিআই তদন্তভার গ্রহণ করলে হরিয়ানা পুলিশ আর চার্জশিট জমা দিতে পারবে না। সূত্রের খবর, এই মামলায় চার্জশিট প্রায় তৈরি করে ফেলেছে পুলিশ। সোমবারের মধ্যেই চার্জশিট জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও হরিয়ানা পুলিশ সূত্রের খবর। এই চার্জশিটে স্কুল বাসের খালাসি অশোক কুমারকেই একমাত্র অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন বিশেষ তদন্তকারী দলের নেতৃত্বে থাকা ডিসিপি অশোক বক্সী। তবে সিবিআই তদন্তভার নিলে সমস্ত নথিপত্রই তাদের হাতে তুলে দিতে হবে পুলিশকে। সেক্ষেত্রে চার্জশিট ঠিক সময়ে জমা দেওয়া যাবে না বলেই মনে করা হচ্ছে।
অপরদিকে রায়ান গ্রুপের প্রতিষ্ঠাতা এ এফ পিন্টো, তাঁর স্ত্রী ও ছেলে আগাম জামিনের আবেদন জানিয়ে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications