Haryana Assembly Election 2024: হরিয়ানায় ভোটের দিন পরিবর্তন চাইছে বিজেপি, খোঁচা দিল কংগ্রেস
Haryana Assembly Election 2024: হরিয়ানায় বিধানসভা নির্বাচনের দিন পরিবর্তনের আর্জি জানাল বিজেপি। চিঠি গেল নির্বাচন কমিশনে।
ভোটের দিনের আগে-পরে একাধিক ছুটির দিন। তার নেতিবাচক প্রভাব পডৃতে পারে ভোটদানের হারে, আশঙ্কা বিজেপির। যদিও বিজেপি হারের ভয় পাচ্ছে বলে দাবি কংগ্রেসের।

হরিয়ানা বিজেপির তরফে রাজ্য নির্বাচন কমিশনে আর্জি জানানো হয়েছে, ১ অক্টোবর ভোটগ্রহণের দিনটি পরিবর্তন করার জন্য। হরিয়ানা রাজ্য বিজেপির সভাপতি মোহনলাল বাদোলি চিঠিতে লিখেছেন, যে সময় ভোটের দিন দেওয়া হয়েছে তার আগে থেকেই লম্বা ছুটিতে যেতে পারেন অনেকে।
হরিয়ানা রাজ্য বিজেপির ইলেকশন ম্য়ানেজমেন্ট কমিটির সদস্য বরিন্দর গর্গ বলেন, ভোটের নির্ধারিত দিনের আগে ও পরে ছুটি রয়েছে। ফলে ভোটদানের হার কমতে পারে। কেন না, ২৮ সেপ্টেম্বর শনিবার ও তার পরের দিন রবিবার ছুটি। অক্টোবরের ১ তারিখ নির্বাচনের কারণে ছুটি থাকবে গোটা রাজ্যে। ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনের ছুটি রয়েছে। ৩ অক্টোবরও ছুটি মহারাজা অগ্রসেন জয়ন্তীর।
হরিয়ানার মুখ্য নির্বাচনী আধিকারিক পঙ্কজ আগরওয়াল জানিয়েছেন, বিজেপির চিঠি পেয়েছি গতকাল ই-মেল মারফৎ। তা নির্বাচন কমিশনের সদর দফতরে পাঠানো হয়েছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনিও অবগত আছেন বিজেপির চিঠির ব্যাপারে।
হরিয়ানার মুখ্যমন্ত্রীর কথায়, আমাদের রাজ্য বিজেপি সভাপতি ভোটের শতকরা হার বাড়ানোর লক্ষ্যেই সব রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের নতুন দিন ধার্য করার প্রস্তাব দিয়েছেন। টানা ছুটি রয়েছে ওই সময়। ভোটদানের হার যাতে না কমে সেটা সুনিশ্চিত করতেই এই চিঠি লেখা হয়েছে।
হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডা অবশ্য বিজেপিকে খোঁচা দিতে ছাড়েননি। তাঁর কথায়, এক সপ্তাহের বেশি আগে নির্বাচনের দিন ঘোষণা হয়েছে। এই পরিস্থিতিতে বিজেপি চাইছে ভোট স্থগিত করে দিতে। তারা হারবে এটা বুঝতে পারছে। আমরা চাই নির্বাচন যথাসময়েই হোক। কারণ, হরিয়ানার মানুষ চাইছেন এই সরকার আর একটা দিনও যাতে না থাকে।
উল্লেখ্য, গত ১৬ অগাস্ট নির্বাচনের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। অক্টোবরের ১ তারিখ এক দফাতেই হরিয়ানায় ভোট হবে। গণনা ৪ অক্টোবর।












Click it and Unblock the Notifications