বামেদের পাশেও আছেন, আবার তৃণমূলেরও, মমতার সঙ্গে দেখা করতে কলকাতায় আসছেন হার্দিক
হার্দিক বিজেপি বিরোধিতাকে আরও জোরদার করতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে কলকাতায় আসছেন।
প্রজাতন্ত্র দিবসে নয়াদিল্লিতে যেমন উৎসবের মেজাজ ছিল। তেমনই আর একদিকে বিজেপি বিরোধী শক্তিকে শক্ত ভিতের উপরে দাঁড় করাতে মিছিল করেছে কেন্দ্র বিরোধী রাজনৈতিক দলগুলি। সেই অলিখিত জোটে যেমন রয়েছে সিপিআই, তৃণমূল, তেমনই রয়েছে এনসিপির শরদ যাদব থেকে শুরু করে বিক্ষুব্ধ সপা নেতা শরদ যাদব। আর সেই মিছিলে বিজেপি বিরোধিতায় সুর চড়াতে যোগ দিয়েছিলেন গুজরাতের পতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল।

এবার সেই হার্দিকই বিজেপি বিরোধিতাকে আরও জোরদার করতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে কলকাতায় আসছেন। তৃণমূল ও নবান্ন সূত্রে খবর, আগামী মাসের ৯ তারিখে হার্দিকের কলকাতায় আসার কথা আপাতত ঠিক হয়েছে।
সম্প্রতি গুজরাত নির্বাচনে বিজেপির জেতা প্রায় কঠিন করে দিয়েছিলেন বিভিন্ন সংগঠনের নেতা। সেই দলে মুখ্য ভূমিকায় ছিলেন হার্দিক। পতিদার আন্দোলনকে বিজেপি বিরোধী আন্দোলনে পরিণত করেছেন তিনি। সেই দেখে মমতাও হার্দিকের প্রশংসা করেন।
আগামী বছর কেন্দ্রে লোকসভা নির্বাচন। তার আগে বিজেপি বিরোধী শক্তিগুলি নিজেদের একজায়গায় করে মঞ্চ তৈরির চেষ্টা করছে। সেই দলে নেতৃত্ব দিতে পারেন মমতা। তাঁর নেতৃত্বেই মূলত বিরোধীরা বিজেপি বিরোধিতায় মুখর হয়েছে। এই অবস্থায় হার্দিক-মমতা সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications