গুজরাতে বিজেপি এবার প্রথম জিতল অনেক আসনেই, আদিবাসী অধ্যুষিত অঞ্চলে ভালো ফল
টানা সপ্তমবার গুজরাতে বিজেপি সরকার। ২০০২ সালের পর থেকে প্রতিবার বিধানসভা নির্বাচনে কয়েকটি হলেও আসন কমছিল বিজেপির। গত বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর দেখা যায়, বিজেপির আসন ১০০-র নীচে নেমে গিয়েছে। যদিও এবার রেকর্ড সংখ্যক আসন জিতল গেরুয়া শিবির। সেই সঙ্গে এমন কিছু আসনও ঝুলিতে এলো যেগুলিতে বিজেপি বা পূর্বতন জনসংঘ একবারও জিততে পারেনি। নরেন্দ্র মোদীর মুখ্যমন্ত্রিত্বেও যে আসনগুলিতে বিজেপি জিততে পারেনি এবার সেগুলিতেও জয়লাভ করেছে বিজেপি।

এই আসনগুলির সংখ্যা নেহাত কম নয়। আনন্দ জেলার বোরসাদ থেকে ভারুচের ঝাগাদিয়া, তাপির বিযরা থেকে দাহোরের গরবাদা, খেদার মাহুধা রয়েছে সেই তালিকায়। বোরসাদ আসনে বিজেপির রামনভাই ভিখাভাই কংগ্রেসের পারমার রাজেন্দ্রসিং ধীরসিংকে হারিয়ে দিয়েছেন ১১, ১৬৫ ভোটে। মাহুধায় বিজেপির সঞ্জয়সিং বিজয়সিং মাহিদা হারিয়েছেন কংগ্রেসের ইন্দ্রজিৎসিং নটবরসিং পারমারকে, জয়ের ব্যবধান ২৫,৬৮৯। ঝাগাদিয়ায় বিজেপির রীতেশকুমার রামনভাই ভাসাভা (কালাভাই) পরাস্ত করেছেন নির্দল ছোটুভাই অমরসিং ভাসাভাকে। বিযরাতে বিজেপির কোকানি মোহনভাই ধেড়াভাই হারিয়ে দিয়েছেন আপের বিপিনচন্দ্র কুশলভাই চৌধুরীকে।
আরাবল্লী জেলার ভিলোডায় বিজেপি জিতেছিল ১৯৯৫ সালে। সেখানে এবার ৪৩.৬২ শতাংশ ভোট পেয়ে বিজেপির পি সি বরান্দা জয়লাভ করেছেন নিকটতম কংগ্রেস প্রতিদ্বন্দ্বীকে প্রায় ৩৮ হাজার ভোটে হারিয়ে। সবরকণ্ঠের খেদব্রহ্ম, রাজকোটের জাসডান ও ধোরাজির মতো আসনগুলি, যেখানে বিজেপি বিংশ শতাব্দীর মাঝামাঝি উপনির্বাচনে জয়লাভ করেছে, সেখানে এবার গেরুয়া ঝড় বিধানসভা নির্বাচনে। বিজেপি এবার এমন কিছু আসনে জিতেছে যেসব এলাকা আদিবাসী বা উপজাতি অধ্যুষিত। অনেকগুলি আসন এসটি-র জন্য সংরক্ষিত। এমন বিধানসভা কেন্দ্রগুলিতেও বিজেপি বাজিমাত করেছে, যেগুলিতে এতদিন কংগ্রেসেরই দাপট ছিল।
১৯৬২ সালের বিধানসভা নির্বাচন থেকে বোরসাদে টানা জিতেছে কংগ্রেস। ১৯৮৫ পর্যন্ত ঝাগাদিয়ায় জিতে এসেছে কংগ্রেস, তারপর থেকে এখানে জিতেছে জনতা দল ও বিজেপি। বিযরায় কংগ্রেস মনোনীত বা পার্টির বিদ্রোহীরা জিতেছেন। সেই বিযরাতে এবার আম আদমি পার্টিকে হারিয়েছে বিজেপি, কংগ্রেস চলে গিয়েছে তিনে। বোরসাদে এবার কংগ্রেসকে পরাস্ত করেছে বিজেপি, জয়ের ব্যবধান ১১ হাজারেরও বেশি। ঝাগাদিয়ায় নির্দল প্রার্থীকে হারিয়েছে বিজেপি। ২০১৭ সালে বিধানসভা ভোটে আদিবাসী অধ্যুষিত এলাকায় মাত্র আটটি আসন জিতেছিল বিজেপি। কিন্তু এবার সেই আসনগুলি জিততে গেরুয়া শিবির ঝাঁপিয়েছিল দারুণ স্ট্র্যাটেজি নিয়ে। হিন্দুত্বের লাইন বজায় রেখেও এই কঠিন আসনগুলিতে জয় তাই অন্য এক দিশা দেখাচ্ছে বলেই অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করায় আদিবাসী ভোট বিজেপি ঝুলিতে পুরতে পেরেছে বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications