রুটি, নিমকিসহ ২৭ টি জিনিসের ওপর থেকে কমল জিএসটি, কর দাখিলে স্বস্তি ক্ষুদ্র ব্যবসায়ীদেরও
দেশ ব্যাপী চাপের মুখে পড়ে জিএসটি কাউন্সিল স্বস্তি দিল ক্ষুদ্র ব্যবসায়ীদের। রুটি, পোশাক, আয়ুর্বেদিক ওষুধসহ ২৭ টি জিনিসের ওপর থেকে কর কমায় স্বস্তি পেলেন সাধারণ মানুষও।
দেশ ব্যাপী চাপের মুখে পড়ে জিএসটি কাউন্সিল স্বস্তি দিল ক্ষুদ্র ব্যবসায়ীদের। রুটি, পোশাক, আয়ুর্বেদিক ওষুধসহ ২৭ টি জিনিসের ওপর থেকে কর কমায় স্বস্তি পেলেন সাধারণ মানুষও।

২৭ টি জিনিসের ওপর থেকে জিএসটি কমালো জিএসটি কাউন্সিল। গরিব ও মধ্যবিত্তের কথা ভেবে রুটি/ চাপাটির ওপর জিএসটি ১২ শতাংশ থেকে কমে হল ৫ শতাংশ। দাম কমানো হয়েছে নিমকির মতো খাদ্যদ্রব্যেরও। রেস্তোরাঁর বিলের খরচ কী ভাবে কমানো যায় তাও খতিয়ে দেখতে কমিটি গঠনের কথা জানানো হয়েছে। আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ইউনানি ওষুধের ওপর জিএসটি ১২ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। হাতে তৈরি জরির ওপরও জিএসটি কমানো হয়েছে। কমানো হয়েছে সিন্থেটিক, রেয়ন, নাইলনের সুতোর ওপর করও। ফলে দাম কমবে পোশাকের। সালোয়ার স্যুটেও কমানো হয়েছে জিএসটি। গ্যাস স্টোভ, পিন, সুতো ,ক্লিপের ওপর থেকেই জিএসটি কমানো হয়েছে।
রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে জিএসটি কাউন্সিলের বৈঠকের পর বিষয়টি নিয়ে ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

জুলাই থেকে জিএসটি লাগু হওয়ার পর বিপাকে পড়েছিলেন ব্যবসায়ীরা। ঝামেলা ছিল রিটার্ন দাখিল নিয়েও। হিসেব-নিকেশ একটু সহজতর করার সঙ্গে উৎসবের মরশুমে ২৭ টি জিনিসের ওপর থেকে জিএসটি কমায় ব্যবসা বাণিজ্য চাঙ্গা হতে পারে বলে মনে করছে ব্যবসায়ী মহল।
দেশের অর্থনীতির হাল যে খুব একটা ভাল নয়, তা একরকম জানিয়েই দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। সাধারণ মানুষ আর ব্যবসায়ীদের ক্ষোভে প্রলেপ দেওয়ার প্রয়োজন ছিল। অন্য দিকে, সামনেই মোদীর রাজ্য গুজরাতে ভোট। সেইদিকে লক্ষ্য রেখেই হয়ত ৫ অক্টোবর অমিত শাহ, অরুণ জেটলিকে নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই জিএসটি নিয়ে এই ঘোষণা যথেষ্ট তাৎপর্য পূর্ণ।
এখন থেকে প্রতিমাসের বদলে প্রতি তিনমাসে এরবার থকে কর মেটানো এবং রিটার্ন ফাইলের বন্দোবস্ত করা হয়েছে।
এখন থেকে ৫০ হাজার নয়, ২ লক্ষ টাকার বেশি সোনার গয়না কিনলে লাগবে প্যান। পণ্য-কাঁচামাল আমদানির ওপর ইন্টিগ্রেটেড জিএসটি ছয় মাসের জন্য ছাড় দেওয়া হয়েছে। রপ্তানি কারকদের দ্রুত কর ফেরতের সুবিধা দিতে ছমাসের মধ্যে ই-ওয়ালেট ব্যবস্থা চালুর আশ্বাস দেওয়া হয়েছে।
সরকার পক্ষ জিএসটি কাউন্সিলের এই পদক্ষেপকে স্বাগত জানালেও, বিরোধীদের বক্তব্য সমালোচনামূলক। কংগ্রেসের দাবি, দেরি করে খুব কম জিনিসের ওপর থেকে জিএসটি-র হার কমানো হয়েছে।












Click it and Unblock the Notifications