GST Council: জিএসটি কাউন্সিলের সুপারিশে দাম বাড়বে কোন কোন জিনিসের? সস্তা হবে কোনগুলি?
GST Council: রাজস্থানের জয়সলমীরে গত ২১ ডিসেম্বর ৫৫তম জিএসটি কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক থেকে একাধিক সুপারিশ (Recommendations) করেছে কাউন্সিল। যার প্রভাবে দাম বাড়তে (Costiler) ও কমতে (Cheaper) পারে একাধিক দ্রব্যের। বৈঠকে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জিএসটি কাউন্সিলের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বেশকিছু পণ্য ও পরিষেবা দামী বা সস্তা হতে চলেছে। ১২ থেকে ১৮ শতাংশ জিএসটি ধার্য করা হবে পুরোনো ব্যবহৃত গাড়ির উপর। পেট্রল ও ডিজেলচালিত গাড়ির ক্ষেত্রে আলাদা আলাদাভাবে প্রযোজ্য হবে। এর আওতায় বিদ্যুৎচালিত যানবাহনও থাকবে। পুরোনো গাড়ি বিক্রির (Automobile Resale) ক্ষেত্রে যার জেরে প্রভাব পড়বে বলেই আশঙ্কা।

এর পাশাপাশি দাম বাড়বে রেডিমেড ইনস্ট্যান্ট স্ন্যাকসেরও। ১২ শতাংশ জিএসটি ধার্য করা হবে সেগুলির উপর। ক্যারমেলাইজড পপকর্নের (popcorn) দামে ১৮ শতাংশ জিএসটি ধার্য করা হবে। কংক্রিটের এএসি ব্লকের দামও আরও চড়া হবে। ৫০ শতাংশের বেশি ফ্লাই অ্যাশ-যুক্ত ইঁটের দামেও ১২ শতাংশ জিএসটি ধার্য করা হবে। কর্পোরেটগুলিতে স্পনসরশিপের ক্ষেত্রেও এবার থেকে খরচের পরিমাণ বাড়বে।
পাশাপাশি সস্তা হতে চলেছে একাধিক দ্রব্য ও পরিষেবা। ফর্টিফাইড রাইস কার্নেল (FRK)-এর উপর জিএসটি ৫ শতাংশ কমানোর সুপারিশ করেছে কাউন্সিল। তবে তা রেশন ব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর ফলে বিশেষত অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির ক্ষেত্রে এফআরকে আরও সাশ্রয়ী এবং সহজল্ভ্য হবে।
জিন থেরাপির ক্ষেত্রেও পুরোপুরি জিএসটি ছাড়ের সুপারিশ করেছে কাউন্সিল। চিকিৎসাক্ষেত্রে জিন থেরাপি আরও সহজলভ্য করতেই এই সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের। সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা শ্রেণিকে যে খাদ্যদ্রব্য সরবরাহ করা হয় তাতে ৫ শতাংশ জিএসটি ছাড় দেওয়া হবে।
পাশাপাশি ডিআরডিও-এর (DRDO) তৈরি দূরপাল্লার সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেমের ক্ষেত্রে আইজিএসটি (IGST) ছাড় দেওয়া হবে। কৃষকরা সরাসরি গোলমরিচ ও কিসমিস বিক্রি করলে তা জিএসটির আওতায় পড়বে না। এর ফলে কৃষকরা উপকৃত হবেন।
ভাউচার লেনদেনের ক্ষেত্রে কোনওরকম জিএসটি লাগু হবে না। এই সংক্রান্ত নিয়মগুলিও আরও সহজ করা হচ্ছে বলে জানিয়েছে জিএসটি কাউন্সিল। অন্যদিকে ব্যাঙ্ক বা এনবিএফসি অর্থাৎ নন ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানগুলির করা পেনাল্টিতে জিএসটি ধার্য করা হবে না। ঋণের শর্ত না মানায় ঋণগ্রহীতাদের যে জরিমানা করা হয়, তা জিএসটি-এর আওতায় পড়বে না বলে জানিয়েছে জিএসটি কাউন্সিল।












Click it and Unblock the Notifications