সংসদে আজ পেশ হতে পারে তিন তালাক বিল, সব সাংসদকে হাজিরার নির্দেশ মোদী সরকারের
তিন তালাক বিল এদিন পেশ হতে পারে লোকসভায়।
বিতর্কিত তিন তালাক বিল এদিন পেশ হতে পারে লোকসভায়। প্রতিদিনের কর্মসূচির যে তালিকা লোকসভার ওয়েবসাইটে দেওয়া হয় সেখানে বলা হয়েছে, এদিন মুসলিম মহিলাদের 'প্রোটেকশন অব রাইটস অব ম্যারেজ' বিল পেশ করার কথা কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের।

মুসলমান মহিলাদের 'প্রোটেকশন অব রাইটস অব ম্যারেজ বিল ২০১৭'-র মধ্যেই তিন তালাকের বিষয়টি রয়েছে। যে ঘটনায় আইন ভাঙলে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত সাজা হতে পারে স্বামীর। এমনটাই শোনা যাচ্ছে।
এই বিলে তিন তালাকের শিকার হওয়া মহিলাদের দেখভাল ও সঙ্গে সঙ্গেই সন্তানের অভিভাবকত্ব লাভের বিষয়টি নিশ্চিত করার কথা বলা হয়েছে।
পাশাপাশি সূত্রের খবর, এদিন সংসদে বিল পেশ হওয়ার কথা থাকায় বিজেপি তাদের সমস্ত সাংসদদের হাজির থাকার নির্দেশ দিয়েছে। হুইপ জারি করে এই বার্তা সাংসদদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
অগাস্ট মাসের ২২ তারিখ সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ বহু যুগ ধরে চলে আসা তিন তালাক প্রথাকে অবৈধ ও অসাংবিধানিক বলে আখ্যা দিয়ে বাতিলের নির্দেশ দেয়। ও আগামী ছয় মাসের মধ্যে নতুন আইন করে মুসলমান মহিলাদের স্বার্থরক্ষার বিষয়টি সুনিশ্চিত করতে বলে। সেইমতো কেন্দ্র খসড়া বিল তৈরি করে তা সংসদে পেশ করতে চলেছে।












Click it and Unblock the Notifications