শীতকালীন অধিবেশন: সর্বদল বৈঠকে মোদীর অনুপস্থিতি নিয়ে সাফাই সরকারের! অস্ত্রে শান বিরোধীদের
শীতকালীন অধিবেশন: সর্বদল বৈঠকে মোদীর অনুপস্থিতি নিয়ে সাফাই সরকারের! অস্ত্রে শান বিরোধীদের
সোমবার থেকে সংসদের শীতকালীন অধিবেশন (Winter session) শুরু হতে চলেছে। এই অধিবেশন চলবে ১৯ দিন। তার আগে রবিবার ডাকা সর্বদল বৈঠকে (all party meet) অনুপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীরা প্রধানমন্ত্রী অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করায়, সরকারের তরফে বলা হয়েছে, সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রীর উপস্থিতি কোনও ঐতিহ্যের মধ্যে পড়ে না।

বিরোধীদের দাবি
এদিন সর্বদলীয় বৈঠকে বিরোধীদের তরফে কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্যকে আইনি স্বীকৃতি দেওয়ার দাবি করা হয়েছে। যে দাবির জন্য সরকার তিনটি কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণার পরেও কৃষকরা বসে রয়েছেন রাস্তায়। এছাড়াও বিরোধীদের তরফে সরকারের কাছে লখিমপুরের ঘটনার পরেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনিকে কেন বরখাস্ত করা হল না তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
রাজ্যসভায় বিরোধী নেতা মল্লিকার্জুন খারগে বলেছেন, কংগ্রেস ন্যূনতম সহায়ক মূল্যের পাশাপাশি তিনটি কৃষি বিল প্রত্যাহার এবং কোভিড ম্যানেজমেন্টের মতো বিষয় তুলেছিল। তিনিও সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন।

সরকারের জবাব
এব্যাপারে সরকারের তরফে জবাব দিয়ে বলা হয়েছে, আগে এই ধরনের কোনও বৈঠকে প্রধানমন্ত্রীরা না আসলেও মোদী প্রধানমন্ত্রী হাওয়ার পরে নিজে উপস্থিত থেকেছেন। সরকারের তরফে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদীই এই ঐতিহ্যের শুরু করেছিলেন। সেই কারণে প্রধানমন্ত্রীর এবারের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলা সমিচিন নয়। এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী আসতে পারেননি বলেও উল্লেখ করা হয়েছে। সরকারের তরফে বিভিন্ন বিল পাশে বিরোধীদের সাহায্য প্রার্থনা করা হয়েছে।

তৃণমূলের তরফে সরকারকে নিশানা
তৃণমূলের তরফে সরকারকে নিশানা করে বলা হয়েছে, সঠিকভাবে যাচাই না করেই একের পর এক বিল আনা হচ্ছে সংসদে। তারা বলেছে, অত্যাবশ্যকীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিএসএফ-এর কাজের পরিধি বাড়ানো এবং পেগাসাস নিয়ে তারা সংসদে আলোচনা চায়।

বামেদের অবস্থান
বামেদের তরফে চাল এবং জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এছাড়াও লখিমপুর খেরিতে চারজন কৃষক-সহ আটজনের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিয়ে সরকারের অবস্থান জানতে চাওয়া হয়েছে।

বিরোধীদের মধ্যে যাঁরা উপস্থিতি ছিলেন
এদিনের সর্বদল বৈঠকে বিরোধীদের মধ্যে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে রয়েছেন, কংগ্রেসের মল্লিকার্জুন খারগে, অধীর চৌধুরী, আনন্দ শর্মা, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও'ব্রায়েন, ডিএমকে টিআর বালু এবং তিরুচি শিবা, এনসিপির শারদ পাওয়ার, শিবসেনার বিনয়ক রাউত, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব, বিএসপির সতীশ মিশ্র, বিজেডির প্রসন্ন আচার্য, ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা, অকালি দলের বলবিন্দর সিং ভুন্দার, ওয়াইএসআর কংগ্রেসের বিজয়সাই রেড্ডি, টিডিপির জয়দেব গালা, সিপিআই-এর বিনয় বিশ্বম এবং আপের সঞ্জয় সিং।
২৯ নভেম্বর থেকে শুরু হয়ে সংসদের শীতকালীন অধিবেশন চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।












Click it and Unblock the Notifications