কাশ্মীরে কেউই পারল না সরকার গড়তে, জারি হচ্ছে রাজ্যপালের শাসন
শ্রীনগর, ৯ জানুয়ারি: কোনও দলই সরকার গড়তে না পারায় শেষ পর্যন্ত রাজ্যপালের শাসন জারি হচ্ছে জম্মু-কাশ্মীরে। রাজ্যপাল এন ভোরা সব ক্ষমতা হাতে তুলে নিচ্ছেন আগামী ১৫ জানুয়ারি থেকে। এই মর্মে সম্মতিও দিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
সম্প্রতি ঝাড়খণ্ড ও জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোট হয়। ফল বেরিয়েছিল গত ২৩ ডিসেম্বর। ঝাড়খণ্ডে বিজেপি নিরঙ্কুশ গরিষ্ঠতা পায়। কিন্তু জম্মু-কাশ্মীরে বিধানসভা হয় ত্রিশঙ্কু। পিডিপি, বিজেপি, কংগ্রেস কিংবা ন্যাশনাল কনফারেন্স কেউই এককভাবে সরকার গড়ার মতো অবস্থা নেই। জোট সরকার গঠনও সম্ভব হয়নি। তদারক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও সরকার চালাতে নারাজ। তাই শেষ পর্যন্ত রাজ্যপালের শাসন জারি হল কাশ্মীরে।

প্রসঙ্গত, দেশের অন্য কোনও রাজ্যে অনুরূপ পরিস্থিতি হলে সেখানে ভারতীয় সংবিধানের ৩৫৬ ধারা মোতাবেক রাষ্ট্রপতি শাসন জারি হত। কিন্তু জম্মু-কাশ্মীর হল দেশের একমাত্র রাজ্য যার নিজস্ব সংবিধান আছে। কাশ্মীরি সংবিধানের ৯২ ধারা অনুযায়ী, রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা সৃষ্টি হয়েছে মনে করলে রাজ্যপাল ভারতের রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে যাবতীয় ক্ষমতা নিজের হাতে তুলে নিতে পারেন। রাজ্যপাল এ ভোরা সেটাই করার সিদ্ধান্ত নিলেন শেষ পর্যন্ত।












Click it and Unblock the Notifications