দুর্নীতিগ্রস্ত ব্যাঙ্ক আধিকারিকদের ধরতে স্টিং অপারেশন কেন্দ্রের!
কালো টাকার দুর্নীতি রুখতে এবার নয়া পন্থা অবলম্বন করল কেন্দ্র। ব্যাঙ্কের দুর্নীতিগ্রস্ত আধিকারিক ও কর্মীদের ধরতে একাধিক ব্যাঙ্কে স্টিং অপারেশন চালাচ্ছে কেন্দ্র।
নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর : কালো টাকার দুর্নীতি রুখতে এবার নয়া পন্থা অবলম্বন করল কেন্দ্র। ব্যাঙ্কের দুর্নীতিগ্রস্ত আধিকারিক ও কর্মীদের ধরতে একাধিক ব্যাঙ্কে স্টিং অপারেশন চালাচ্ছে কেন্দ্র।
সূত্রের খবর, ইতিমধ্যে স্টিং অপারেশনের বেশ কিছু সিডি তৈরি করে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।

সূত্রের খবর, প্রায় ৬২৫টি ব্যাঙ্ক শাখায় এই ধরণের স্টিং অপারেশন চালানো হয়েছে। এর মধ্যে কমপক্ষে ৪৩৫টি শাখা থেকে দুর্নীতিগ্রস্ত ব্যাঙ্ক আধিকারিক, ব্যবসায়ী, হাওয়ালার সঙ্গে যুক্ত ব্যক্তির বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে, যারা বেআইনিভাবে কালো টাকা সাদা করার চেষ্টা চালিয়েছে এবং ব্যাঙ্কের আধিকারিকরা তাদের সে সব কাজে সাহায্য করেছে।
শুধুমাত্র মেট্রো শহরের ব্যাঙ্কগুলিতে এই স্টিং অপারেশন চালানো হয়নি, বরং ছোট শহর এমনকি শহরতলিতেও এই স্টিং অপারেশন চালানো হয়েছে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার সতর্ক করেছেন নোট বাতিলের পদক্ষেপকে বেলাইনে নিয়ে যেতে দুর্নীতি করা বন্ধ করতে হবে। সরকার কোনও ধরনের দুর্নীতি বরদাস্ত করবে না। এরপরেই কেন্দ্রের তরফে স্টিং অপারেশনের পদক্ষেপ নেওয়া হয়।
উল্লেখ্য, শেষ কয়েক দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছে আয়কর দফতর। বিশাল পরিমানে নতুন নোট অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হওয়া ব্যাঙ্ক আধিকারিকদের এই দুর্নীতিতে যুক্ত থাকার দিকেই ইঙ্গিত দিয়েছিল।
মানুষ যে নোট সমস্যার মধ্যে পড়েছে তা অধিকাংশটাই দুর্নীতিগ্রস্ত ব্যাঙ্ক আধিকারিকদেরই সৃষ্টি করা বলে মনে করছে কেন্দ্র।












Click it and Unblock the Notifications