ডায়াবেটিস রোগীদের জন্যে ভাল খবর, কয়েকদিনের মধ্যেই কমবে একাধিক ওষুধের দাম
ভারতে ডায়াবেটিস চিকিৎসায় বড় পরিবর্তন আসছে। ১১ মার্চ এমপাগ্লিফ্লোজিনের পেটেন্টের মেয়াদ শেষ হওয়ার পর, দেশীয় ওষুধ কোম্পানিগুলো সাশ্রয়ী মূল্যের জেনেরিক ওষুধ বাজারে আনতে প্রস্তুত। বোহরিঙ্গার ইঙ্গেলহাইমের উদ্ভাবিত এই ওষুধের দাম এখনও পর্যন্ত বেশ চড়া ছিল, কিন্তু নতুন জেনেরিক ওষুধ আসার ফলে খরচ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
ম্যানকাইন্ড ফার্মা, টরেন্ট, অ্যালকেম, ডঃ রেড্ডি'স এবং লুপিনের মতো কোম্পানি বাজারে সাশ্রয়ী দামে এই ওষুধ আনতে কাজ করছে। উদ্ভাবকের ৬০ টাকার ট্যাবলেট এখন মাত্র ৯-১৪ টাকায় পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। ডায়াবেটিস চিকিৎসার ২০,০০০ কোটি টাকার বাজারে এই ওষুধ বড় পরিবর্তন আনবে।

বর্তমানে ভারতে ১০.১ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। বেশিরভাগ রোগী নিজেদের পকেট থেকেই চিকিৎসার খরচ বহন করেন। নতুন জেনেরিক ওষুধ আসায় খরচ কমবে, ফলে ডায়াবেটিস চিকিৎসা আরও সহজলভ্য হবে। আক্রান্ত রোগীরাও ডায়াবেটিস সারাতে এবার আরও বেশি করে উদগ্রীব হবে।
ম্যানকাইন্ড ফার্মা জানিয়েছে, তারা উদ্ভাবকের দামের এক-চতুর্থাংশ দামে এই ওষুধ সরবরাহ করবে। টরেন্ট ফার্মা ইতিমধ্যেই তিনটি এমপাগ্লিফ্লোজিন ব্র্যান্ড অধিগ্রহণ করেছে, যা বাজারে তাদের শক্তিশালী অবস্থান তৈরি করবে। ওষুধ তৈরিতে USFDA অনুমোদিত কাঁচামাল ব্যবহারের কারণে গুণমান বজায় থাকবে।
ডায়াবেটিস চিকিৎসায় নতুন যুগের সূচনা
- এমপাগ্লিফ্লোজিন হার্ট ফেইলিউর, কিডনি রোগ প্রতিরোধেও কার্যকর
- নতুন ওষুধের কারণে টাইপ-২ ডায়াবেটিসের চিকিৎসায় খরচ কমবে
- সেমাগ্লুটাইড ও টিরজেপাটাইডের মতো নতুন থেরাপি আরও উন্নত গ্লাইসেমিক নিয়ন্ত্রণ ও কার্ডিওভাসকুলার সুবিধা দেবে
ডায়াবেটিসের চিকিৎসার খরচ দীর্ঘদিন ধরেই ভারতের সাধারণ মানুষের জন্য একটি বড় সমস্যার কারণ ছিল। বহু মানুষ শুধুমাত্র অতিরিক্ত খরচের ভয়ে নিজেদের চিকিৎসা করাতেন না। ফলস্বরূপ বহু জটিল রোগে আক্রান্ত হতে হত তাঁদেরকে। এবার নতুন জেনেরিক ওষুধ বাজারে আসার ফলে ডায়াবেটিস রোগীদের জন্য চিকিৎসা আরও সাশ্রয়ী ও সহজলভ্য হবে। বিশেষজ্ঞরা বলছেন, এটি স্বাস্থ্য খাতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা লক্ষ লক্ষ মানুষের জীবনমান উন্নত করবে।












Click it and Unblock the Notifications