ভোট বড় বালাই! এবার মেয়ের বিয়েতে সোনা দেবে বিজেপি শাসিত সরকার
দেশ যত লোকসভা নির্বাচনের দিকে এগোচ্ছে, কেন্দ্র এমন কী বিভিন্ন রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ সুবিধার কথা ঘোষণা করা হচ্ছে।
দেশ যত লোকসভা নির্বাচনের দিকে এগোচ্ছে, কেন্দ্র এমন কী বিভিন্ন রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ সুবিধার কথা ঘোষণা করা হচ্ছে। কৃষকদের কৃষিঋণ মকুব থেকে মেয়ের বিয়েতে পরিবারকে সোনা দিয়ে সাহায্য, সব চলছে।

অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এনেছেন এমনই এক প্রস্তাব। সেখানে বলা হয়েছে বাৎসরিক ৫ লক্ষ টাকার নিচের আয়ের পরিবারে মেয়ের বিয়ের সময় ৩৮ হাজার টাকার সোনা দেওয়া হবে। উচ্চমাধ্যমিকে যেসব কন্যারা প্রথম ডিভিশনে পাশ করেছে তাদের ই-বাইক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এছাড়াও বর্তমান অর্থবর্ষে এককালীন ৫০ হাজার টাকা পর্যন্ত এডুকেশন লোনে ভর্তুকি দিতে চায় অসম সরকার। সেকথাও জানিয়েছেন মন্ত্রী।
বৃহস্পতিবার কংগ্রেস শাসনাধীন মধ্যপ্রদেশ সরকার ৪ হাজার টাকা করে বেকারভাতা দেওয়ার কথা ঘোষণা করতে পারে। কিছু দিন ক্ষমতায় আসা রাজস্থানে কংগ্রেস সরকার ইতিমধ্যেই ৩ থেকে সাড়ে তিন হাজার টাকা করে বেকারভাতা দেওয়ার কথা জানিয়েছে।
বেকার যুবকদের জন্য বেকারভাতার পাশাপাশি, মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার শহরের যুবকদের জন্য ১০০ দিনের কাজের প্রকল্পের কথাও ঘোষণা করতে পারে। কেননা ২৬ জানুয়ারিতে মুখ্যমন্ত্রী কমলনাথ প্রকল্প সম্পর্কে জানিয়েছিলেন সংবাদ মাধ্যমকে। এছাড়াও সামাজিক সুরক্ষা প্রকল্পে বৃদ্ধদের পেনশন ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করার কথাও ঘোষণা করতে পারে মধ্যপ্রদেশ সরকার। তিনটি সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী এবং অর্থ দফতর থেকে অনুমতি দেওয়া হয়েছে। যে কোনও সময়ে তা ঘোষণা করা হতে পারে।
নির্বাচনের দিকে লক্ষ্য রেখে সাধারণকে সুবিধা দেওয়ার কথা জানিয়েছে কেন্দ্রও। ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ১০০ শতাংশ ট্যাক্স ছাড়ের কথা জানানো হয়েছে কেন্দ্রীয় বাজেটে।
মধ্যপ্রদেশ এবং রাজস্থানের মতো রাজ্য ইতিমধ্যেই কৃষি ঋণে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। সব মিলিয়ে যা প্রায় ২.৩ লক্ষ কোটির মতো। পিছিয়ে নেই তেলেঙ্গানা কিংবা ওড়িশাও। তেলেঙ্গানায় রায়তু বন্ধু এবং ওড়িশার কালিয়া প্রকল্পের খরচ ধরা হয়েছে প্রায় ২২ হাজার কোটি টাকা।












Click it and Unblock the Notifications