গডসের সমর্থক বিজেপি নেত্রী উমা আনন্দন জয়ী তামিলনাড়ু পৌর নির্বাচনে
গডসের সমর্থক বিজেপি নেত্রী উমা আনন্দন জয়ী তামিলনাড়ু পৌর নির্বাচনে
প্রথমবারের জন্য তামিলনাড়ু পুরভোটে দাগকাটতে সফল হয়েছে বিজেপি৷ রাজ্যে ২১ টি পুরসভার সিংহভাগ আসন শাসক দল ডিএমকেই জিতেছে৷ কিন্তু এই প্রথমবার তামিলনাড়ুতে ১২টি ওয়ার্ডে জয় পেয়ে চমকে দিয়েছে বিজেপি৷ এরকমই একটি আসন হল চেন্নাইয়ের ১৩৪ নং ওয়ার্ড। চেন্নাইয়ের এই এলাকাগুলি ডিএমকের শক্ত ঘাটি বলেই পরিচিত। কিন্তু এখানেও জয় ছিনিয়ে নিয়েছেন বিজেপি প্রার্থী উমা আনন্দন। ১৩৪ নং ওয়ার্ডে ২০৩৬ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থীকে পরাজিত করেছেন উমা। ঠিক এরপরই শুরু হয়েছে নতুন বিতর্ক। উমার একটি পুরনো ইউটিউব সাক্ষাৎকারের ভিডিওকে নিয়ে সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে৷ একটি জাতীয় টিভি চ্যানেলের দাবি কয়েক বছর আগে একটি ইউটিউব সাক্ষাৎকারে উমা জানিয়েছিলেন তিমি নাথুরাম গডসের সমর্থক। গডসে, যার হাতে খুন হয়েছিলেন মহাত্মা গান্ধী৷

বিজেপি প্রার্থী উমা আনন্দন চেন্নাইয়ের পশ্চিম মাম্বালামের ১৩৪ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন জাতীয় সংবাদমাধ্যমটির দাবী ইউটিউব সাক্ষাৎকারে দেশের জাতিভেদ প্রথাকেও সমর্থন করতে দেখা গিয়েছে উমাকে! সাক্ষাৎকারে তিনি বলেছেন, জাতপাত ভারতের সংস্কৃতি এবং সংস্কৃতি ছাড়া কোনও কিছুই সম্ভব নয়। ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, এমনকি গডসেও একজন হিন্দু ছিলেন এবং সেজন্য তিনি গর্বিত। এরপর ওই সাক্ষাৎকারে তিনি নিজেকে গডসের সমর্থক বলেও দাবি করেছেন বলে জানিয়েছে জাতীয় সংবাদমাধ্যমটি৷
যদিও প্রাথমিকভাবে সোশ্যাল মিডিয়াতে গুজব ছিল যে প্রার্থী মাত্র আটটি ভোট পেয়েছেন এবং পরাজিত হতে চলেছেন। তবে শেষ পর্যন্ত দেখা যায় তিনি দু'হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। যদিও এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে, প্রার্থীর সঙ্গে থাকা বিজেপির এইচ রাজা বলেছিলেন, আমরা সকাল থেকে প্রচার করছি এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি যে চেন্নাই স্থানীয় সংস্থা নির্বাচনে বিজেপি একটি বড় পরিবর্তন আনবে।
যদিও নির্বাচনী এলাকা থেকে জয়ী হওয়ার পরে নিজের বিতর্কিত সাক্ষাৎকারের বিষয়ে কথা বলতে রাজি হননি উমা আনন্দন৷ বরং তিনি বলেন এলাকায় বন্যা প্রশমনের কাজ করবেন। প্রধানমন্ত্রী মোদীর চালু করা প্রকল্পগুলি বাস্তবায়নের সঙ্গে সঙ্গে ওয়ার্ডটিকে একটি মডেল ওয়ার্ডে পরিবর্তিত করার জন্য কাজ করবেন তিনি৷ পাশাপাশি জনগণকে প্রতিদিন যে সমস্যাগুলির মুখোমুখি হতে হয় সে বিষয়ে তাঁর নিজের ওয়ার্ডের লোকদের সঙ্গে যোগাযোগ করে কাজ স্বচ্ছভাবে হওয়ার আশ্বাস দেন উমা আনন্দন৷












Click it and Unblock the Notifications