আশারামের পর এবার নারী সাধনায় হরি ওম বাবা, পরস্ত্রী নিয়ে পগারপার রাতেই

বিখ্যাত সাধক বা উপাসক। এ কথা চিরকালীন। এ নিয়ে কোনও বিরোধীতা নেই।
স্ব-ঘোষিত সাধক বা উপাসক। এই শব্দটা নিয়েও তেমন বিরোধীতা নেই। বিরোধীতা একটা জায়গাতেই। প্রথম শব্দটা বাস্তবে লুপ্তপ্রায় হতে চলেছে। আর দ্বিতীয় শব্দটা ব্যাঙের ছাতার মতো এধারে ওধারে গজিয়ে উঠছে। তা এই দ্বিতীয় ধরণের উপাসকদের ভূমিকাটা ঠিক কী? উত্তর, খবরের পাতায় নাম তোলা। কীভাবে? যৌন হেনস্থা, ধর্ষণ, অন্যের বউকে নিয়ে পালিয়ে যাওয়া এমন বেশ কিছু কর্মযজ্ঞের লিপ্ত থেকে।
আশারাম বাপুর কেলোর কীর্তি খবরের পাতা থেকে মোছার আগেই আর এক কীর্তিমান সাধক চলে এসেছেন সেই প্রচারের আলো ভাগ করে নিতে। নাম দিলীপকুমার জমুনাপ্রসাদ তেওয়ারি। ওরফে হরি ওম বাবা। মহারাষ্ট্রের বুলধানা জেলার শখারখেড়া গ্রামের বাসিন্দা। ইনি আবার যৌন কেলেঙ্কারি বা ধর্ষণের মতো মামলায় জড়াতে চাননি। তাই ঘনিষ্ঠ এক শিষ্যের বউকে নিয়ে রাতের অন্ধকারেই পগার পাড়। এখানেই শেষ নয়। কল্পনা পাগর নামে অন্য এক মহিলার অভিযোগের ভিত্তিতে হরি ওম বাবার নামে ১৮ লক্ষ টাকা জালিয়াতির মামলাও দায়ের করেছে পুলিশ।
গত বছরের সেপ্টেম্বরে কল্পনার সঙ্গে দেখা হয় হরি ওম বাবার। কল্পনাদেবীর চর্মরোগ সারিয়ে দেবেন বলে তাঁকে প্রতিশ্রুতিও দেন বাবাজি। সেই সূত্রেই কল্পনাদেবীর বাড়ি যাতায়াত শুরু করেন ওই কীর্তিমান। এবং কল্পনাদেবীর ব্যক্তিগত জীবন ও আর্থিক অবস্থার বিষয়ে তথ্য জোগাড়ের কাজও শুরু করে দেন তিনি। এর পরই আশ্রম তৈরির জন্য কল্পনাদেবীর থেকে টাকা চান হরি ওম বাবা। নিজের জমি বিক্রি করে ১৮ লক্ষ টাকা ওই ভণ্ড বাবার হাতে বিশ্বাস করে তুলে দেন মহিলা। এর পরেই ভন্ড বাবার নামে পুলিশে অভিযোগ দায়ের করেন কল্পনাদেবী।
কল্পনাদেবীর থেকে টাকা হাতানোর পরেই মহেশ তানপুরা নামে এক শিষ্যের নববিবাহিত স্ত্রীকে নিয়ে পালিয়ে যান বাবাজি। মহেশ জানিয়েছে, হরি ওম বাবাই এই বিয়ের সম্বন্ধ করেছিলেন। বিয়ের পর স্ত্রীয়ের সঙ্গে আহমেদাবাদের কোপারগাওয়ের আশ্রমেই থাকতেন মহেশ। পুলিশসূত্রের খবর এর আগেও টাকা দ্বিগুম করে দেওযার লোভ দেখিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা হাতিয়েছে এই ভন্ড। এমনকী ভক্তদের দেখাতে কমিশনের ভিত্তিতে শিষ্য নিযুক্তও করতেন হরি ওম বাবা।
এক গেল। দুই গেল। আরও কত যে ঝুলির মধ্যে রয়েছে তা কেউ জানে না। আর কী এখন শুধু অপেক্ষা বাকিরা কবে ঝুলি থেকে বেরোবে।












Click it and Unblock the Notifications