গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ড: থাইল্যান্ড থেকে অবশেষে ভারতে ফিরছেন লুথরা ভাইরা, কখন?
গোয়ার ভয়াবহ নাইটক্লাব অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত লুথরা ভাইরা অবশেষে ভারতে ফিরছেন। সৌরভ এবং গৌরব লুথরা আজ থাইল্যান্ড থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ঘটনাটি ঘটার পরপরই ফুকেটে পালিয়ে গিয়েছিলেন দুই ভাই। তবে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কারণে থাইল্যান্ড কর্তৃপক্ষ তাঁদের আটক করে। ভারত সরকার তাঁদের পাসপোর্ট বাতিল করে। তারপর তাঁদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়।

আজ দুপুর প্রায় ১টা ৪৫ মিনিটে একটি ইন্ডিগো বিমানে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর কথা আছে তাঁদের। বিমানবন্দরে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই গোয়া এবং দিল্লি পুলিশের যৌথ দল তাঁদের হেফাজতে নিয়ে যাবে। পরে ট্রানজিট রিমান্ডে নিয়ে তাঁদের গোয়ায় পাঠানো হবে। আগামী বুধবার তাঁদের গোয়ার মাপুসা শহরে অবস্থিত মাপুসা ম্যাজিস্ট্রেট (Mapusa Magistrate) আদালতে পেশ করা হতে পারে।
চলতি মাসের শুরুর দিকে উত্তর গোয়ার আরপোরায় লুথরা ভাইদের মালিকানাধীন একটি নাইটক্লাবে ভয়াবহ আগুন লাগে। সেই ঘটনায় ২৫ জনের মৃত্যু হয় এবং একাধিক মানুষ আহতও হন। প্রাথমিক তদন্তে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা এবং লাইসেন্স সংক্রান্ত বহু অনিয়মের অভিযোগ উঠেছিল।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ১৬ ডিসেম্বর বম্বে হাই কোর্টের গোয়া বেঞ্চ, নাইটক্লাব সংক্রান্ত মামলাটিকে জনস্বার্থ মামলা হিসেবে গ্রহণ করেছে। আদালত বলেছে যে, এই ধরণের মামলায় কাউকে না কাউকে জবাবদিহি করতেই হবে। নাইটক্লাবের লাইসেন্স নিয়েও রাজ্য সরকারের থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এদিকে গোয়া সরকার মামলাটি পরিচালনার জন্য আইন এবং প্রসিকিউশন দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি বিশেষ আইনি দল গঠন করেছে। পুলিশ, ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ নম্বর ধারা প্রয়োগ করেছে, যেখানে সবচেয়ে বেশি ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। তদন্তকারীরা অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ জোরদার করার প্রক্রিয়া চালাচ্ছেন।












Click it and Unblock the Notifications