ক্ষমা চেয়েও কাজ হল না, যাত্রী ফেলে বিমান চলে যাওয়ার ঘটনায় মোটা জরিমানা গো-ফার্স্টের
বেঙ্গালুরু-দিল্লি বিমান ৫৫জন যাত্রী ছাড়াই উড়ে গিয়েছিল। সেই খবরে রীতিমতো হইচই পড়ে যায়। গত ৯ জানুয়ারির সেই ঘটনায় এদিন অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ ৫৫ লক্ষ টাকার মোটা জরিমানার নির্দেশ দিল গো-ফার্স্ট বিমান সংস্থাকে। ঘটনার দিন এতজন যাত্রী সেদিন রানওয়ের কাছে অপেক্ষা করছিলেন। অথচ বিমান তাঁদের না নিয়েই উড়ে যায়।

সেদিনের ঘটনার পরে গো-ফার্স্টের বিরুদ্ধে নোটিস জারি করে ডিজিসিএ। কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না সেটা জানতে চাওয়া হয়। সেই নোটিস পেয়ে গত ২৫ জানুয়ারি বিমান সংস্থা তাদের জবাব জানায়। সেই জবাব খতিয়ে দেখে এদিন ১০ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। কারণ গো-ফার্স্টের তরফে জবাবে জানানো হয়, টার্মিনাল কোঅর্ডিনেটর, কমার্শিয়াল স্টাফ ও ক্রু-র মধ্যে সমন্বয়ের অভাব ছিল। ডিজিসিএ জানিয়েছে, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য যে পর্যাপ্ত ব্যবস্থার প্রয়োজন ছিল তা গো-ফার্স্ট এয়ারলাইন্স করেনি। লোড ও ট্রিম শিট, ফ্লাইট ডিসপ্যাচ, প্যাসেঞ্জার কার্গো হ্যান্ডলিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয় সামলাতে যে প্রস্তুতি প্রয়োজন হয়, তাতেও ফাঁক ছিল।
এই ঘটনার পরে গো-ফার্স্টের তরফে ক্ষমাও চাওয়া হয়েছিল। এমনকী ওই ৫৫জন যাত্রীদের বিমানের টিকিটও অফার করা হয়। বলা হয়, এই ঘটনার জন্য আমরা দুঃখিত। অন্য বিমানে যাত্রীদের টিকিটের ব্যবস্থা করা হয়েছে। এবং এই যাত্রীদের একটি ফ্রি টিকিট অফার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১২ মাসের মধ্যে এই টিকিটে নিজেদের সুবিধামতো যাত্রীরা ট্রাভেল করতে পারবেন।
এই ঘটনার পরই এয়ারলাইন্সের তরফে অন্তর্তদন্ত করা হয়। এবং তা শেষ না হওয়া পর্যন্ত এই ঘটনায় জড়িতদের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। যদিও এত কিছুর পরও জরিমানার হাত থেকে বাঁচা গেল না।












Click it and Unblock the Notifications