Beggar Free City: ভিক্ষা দিলেই FIR! কড়া শাস্তি দেবে পুলিশ, ভিক্ষাবৃত্তি বন্ধ করতে বড় সিদ্ধান্ত দেশের এই শহরে
Beggar Free City: দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহরে এবার ব্রাত্য ভিক্ষাবৃত্তি (Begging)। ভিক্ষা দিলেও কড়া শাস্তি দেবে পুলিশ। রাস্তার কোনও কোণায় ভিক্ষুকদের ঠাঁই দেওয়া হবে না। নতুন বছরের প্রথম দিন থেকেই সিদ্ধান্ত কার্যকর করা হবে। যাবতীয় আইনি প্রক্রিয়াও সেরে ফেলা হয়েছে তার জন্য।
ভারতের সবচেয়ে পরিষ্কার শহর মধ্যপ্রদেশের ইন্দোর (Indore)। এবার ইন্দোরকে বেগার-ফ্রি করার পরিকল্পনা প্রশাসনের। পয়লা জানুয়ারি থেকে শহরের যেখানেই ভিক্ষুকদের কেউ টাকা-পয়সা দেবেন, তাঁদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে এফআইআর রেজিস্টার করা হবে। মন থেকে ইচ্ছে করলেও ভিক্ষুকদের সাহায্য করতে পারবেন না। এমনই নিয়ম আনতে চলেছে জেলা প্রশাসন।

জেলাশাসক আশিস সিং জানান, ইন্দোরে ভিক্ষাবৃত্তির উপর নিষেধাজ্ঞা চাপিয়ে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে। ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে সরকারি সতর্কতামূলক প্রচার এই মাসেই শেষবারের মতো করা হবে। এরপর পয়লা জানুয়ারি থেকে শহরে কেউ যদি ভিক্ষুকদের সাহায্য করেন, তাহলে তাদের বিরুদ্ধে এফআইআর রুজু করা হবে। ভিক্ষা দেওয়ার মতো শহরবাসীকে পাপ কাজ না করার অনুরোধ জেলাশাসকের।
তাহলে পয়লা জানুয়ারি থেকে কোথায় যাবেন ভিক্ষুকরা? কীভাবে পেট চলবে তাদের? আসলে ইন্দোরের রাস্তা থেকে ভিক্ষুকদের সরানোর এই প্রয়াস তাদের পুনর্বাসনের জন্যই নেওয়া পদক্ষেপ। কেন্দ্রীয় সরকারের একটি পাইলট প্রোজেক্টের অঙ্গ সেটি। শুধু ইন্দোর নয়, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, ইন্দোর, লখনউ, মুম্বই, নাগপুর, পটনা ও আহমেদাবাদে এই প্রকল্প শুরু করেছে কেন্দ্র। তাতে অবশ্য কলকাতা নেই।
ইন্দোরে ওই প্রকল্পের দায়িত্বে থাকা আধিকারিক দীনেশ মিশ্র বলেন, রিপোর্ট তৈরি করার সময় দেখা যায় কোনও ভিক্ষুকের পাকা বাড়ি তো কারও সন্তান আবার ব্যাঙ্কে চাকরি করেন। আধিকারিক আরও জানান, একবার এক ভিক্ষুকের থেকে ২৯ হাজার টাকা উদ্ধার হয়েছিল।
অন্য এক ভিক্ষুক (Beggar) নাকি টাকা ঋণ (Loan) হিসেবে প্রদান করে আবার সুদ আদায় করছিলেন। রাজস্থান থেকে একটি দল এসে ভিক্ষাবৃত্তি করত ইন্দোরে। হোটেল থেকে তাদের উদ্ধার করা হয়।
মধ্যপ্রদেশের সামাজিক কল্যাণ মন্ত্রী নারায়ণ সিং কুশওয়াহা বলেন, সরকারের সঙ্গে এই উদ্যোগে এগিয়ে এসেছে বেশ কয়েকটি সংগঠন। পরের ছয় মাস ওই ভিক্ষুকদের আশ্রয় দেওয়া হবে। সেসময়ের মধ্যে তাদের জন্যে কাজের ব্যবস্থা করা হবে। ইন্দোর শহরে ভিক্ষাবৃত্তিতে যাতে কেউ জড়িয়ে না পড়েন, সেদিকটি খেয়াল রেখে সরকার লড়াই করে যাচ্ছে বলে জানান তিনি।












Click it and Unblock the Notifications