ভূতুড়ে ভোটার শনাক্ত হবে এবার সহজেই, নির্বাচন কমিশন আনছে নতুন সফটওয়্যার ফিচার
ভুয়ো ভোটারদের নিয়ে তৃণমূল কংগ্রেসের উদ্বেগ ইতিমধ্যেই গোটা দেশে অন্যান্য বিরোধী শিবিরে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে কপালে। প্রসঙ্গত, মহারাষ্ট্র ও দিল্লির নির্বাচনের পরই এই সমস্যা যেন বেশি ভাবাচ্ছে বিজেপি বিরোধীদের। আর এই সবের মধ্যেই নির্বাচন কমিশন (EC) নতুন সফটওয়্যার ফিচার চালু করার সিদ্ধান্ত নিয়েছে, যা 'ভূতুড়ে ভোটারদের' শনাক্ত করতে সাহায্য করবে।
নতুন প্রযুক্তির মাধ্যমে ভুয়ো ভোটার চিহ্নিতকরণ
নির্বাচন কমিশনের নতুন এই ফিচারের মাধ্যমে একটি এপিক (EPIC) নম্বরের সঙ্গে একাধিক ভোটারের নাম যুক্ত থাকলে তা চিহ্নিত করা সম্ভব হবে। ফলে, ভোটার তালিকার নির্ভুলতা ও স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে।

একজন নির্বাচন কমিশন কর্মকর্তা এই প্রসঙ্গে জানান, "সকল রাজ্যের প্রধান নির্বাচনী কর্মকর্তাদের এই সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হয়েছে"। সোমবার, 'ডুপ্লিকেট EPIC নম্বর' শনাক্তকরণ ও সংশোধনের জন্য নতুন মডিউল চালু করা হয়েছে, যা রাজ্য নির্বাচন কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ
পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাচনী কর্মকর্তা দিব্যেন্দু দাস সোমবার রাজ্যের জেলা কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন এবং নতুন পদক্ষেপ সম্পর্কে তাদের অবহিত করেন। ২১ মার্চের মধ্যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের "নিরপেক্ষ ও স্বাধীন" নির্বাচন কমিশনের প্রশংসা করেছেন এবং বলেছেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক প্রক্রিয়ার ব্যবস্থাপনা বিশ্ব সম্প্রদায়ের জন্য শিক্ষণীয় হওয়া উচিত। পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে আলাপচারিতায়, মোদী ভারতের নির্বাচনী ব্যবস্থার জটিলতার কথা তুলে ধরেন এবং দেশের রাজনৈতিক সম্পৃক্ততার ওপর জোর দেন।
প্রধানমন্ত্রী মোদী বলেন, "ভারতে একটি নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন কমিশন রয়েছে, যা সমস্ত সিদ্ধান্ত নিয়ে নির্বাচন পরিচালনা করে। এটি এমন একটি উজ্জ্বল উদাহরণ, যার ব্যবস্থাপনা নিয়ে বিশ্বের বড় বিশ্ববিদ্যালয়গুলোও আলোচনা করতে পারে"। তিনি আরও বলেন, ২০২৪ সালের নির্বাচনে ৯৮ কোটি ভোটার ছিলেন, যা উত্তর আমেরিকার জনসংখ্যার দ্বিগুণ।
প্রধানমন্ত্রী মোদী আরও উল্লেখ করেন, "৯৮ কোটির মধ্যে ৬৪.৬ কোটি ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন, এমনকি মে মাসের প্রচণ্ড গরমেও, যখন কিছু জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল তখনও মানুষ নিজের গণতন্ত্রের অধিকার প্রয়োগের কথা ভোলেননি"।
নতুন সফটওয়্যার চালুর মাধ্যমে ভোটার তালিকার স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাচন কমিশন আরও এক ধাপ এগিয়ে গেল বলেই মনে করা হচ্ছে, যা আসন্ন নির্বাচনকে আরও নিরপেক্ষ ও সুষ্ঠু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ভবিষ্যতে। আর হারিয়ে যাবে ভূতুড়ে ভোটার তকমা।












Click it and Unblock the Notifications