মুকেশ আম্বানি–ওয়ারেন বাফেটকে ছাপিয়ে বিশ্বের পঞ্চম ধনকুবের গৌতম আদানি
মুকেশ আম্বানি–ওয়ারেন বাফেটকে ছাপিয়ে বিশ্বের পঞ্চম ধনকুবের গৌতম আদানি
একেবারে তীরগতিতে এগিয়ে চলেছেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। ফোর্বসের সাম্প্রতিক তালিকা অনুযায়ী গৌতম আদানি বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি যিনি পেরিয়ে গিয়েছেন ৯১ বছরের পুরনো বিনিয়োগকারী ওয়ারেন বাফেটকে। প্রসঙ্গত, চলতি মাসের গোড়াতেই বিশ্বের সেরা ধনীদের বার্ষিক তালিকা প্রকাশ করেছিল ফোর্বস ম্যাগাজিন। সেখানে অবশ্য ১১ নম্বর স্থানে ছিলেন গৌতম আদানি এবং ১০ নম্বর স্থানে ছিলেন রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি।

আদানি গোষ্ঠীর ৫৯ বছরের আদানির মোট সম্পত্তির পরিমাণ ১২৩.৭ বিলিয়ান ডলার, অন্যদিকে ওয়ারেন বাফেটের মোট সম্পত্তি দাঁড়িয়ে রয়েছে ১২১.৭ বিলিয়ন ডলারে। ফোর্বসের তথ্য অনুযায়ী, আদানির মোট সম্পত্তির পরিমাণ তাঁকে ভারতে সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত করেছে। পিছিয়ে পড়েছেন রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি। আদানির সম্পত্তির পরিমাণ মুকেশের থেকেও ১৯ বিলিয়ান বেশি। বিশ্বে আদানির চেয়ে এগিয়ে রয়েছেন মাত্র ৪ জন ধনকুবের। এঁরা হলেন মাইক্রোসফটের সহ–প্রতিষঠাতা বিল গেটস (১৩০.২ বিলিয়ন ডলার), ফরাসি ধনকুবের বার্নার্ড আরনল্ট (সম্পত্তির পরিমাণ ১৬৭.৯ বিলিয়ন), অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস (সম্পত্তির পরিমাণ ১৭০.২ বিলিয়ন) এবং স্পেস এক্স ও টেসলার সিইও এলন মাস্ক (সম্পত্তির পরিমাণ ২৬৯.৭ বিলিয়ন)।
আদতে গুজরাতের বাসিন্দা আদানিরা। মাঝপথে কলেজ ছেড়ে দিয়েছিলেন গৌতম। মূলত বস্ত্র শিল্পের সঙ্গে যুক্ত পরিবারের ছেলে হয়েও শুরু করেন হিরের ব্যবসা। আজ তিনি দেশের অন্যতম প্রধান শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের কর্ণধার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বলেই পরিচিত গৌতম আদানি। সব ব্যবসা মিলিয়ে আয়ের তিন শতাংশ খরচ করেন সেবামূলক কাজে।












Click it and Unblock the Notifications