Maharashtra Assembly Election 2024: প্রাপ্তির পরদিনই গেল পদ, গৌরী লঙ্কেশ খুনে অভিযুক্তকে সরাল শিন্ডে-সেনা
Maharashtra Assembly Election 2024: বিধানসভা নির্বাচনের আগে ফের সরগরম মহারাষ্ট্রর রাজনীতি (Maharashtra Politics)। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের (Eknath Shinde) শিবসেনায় যোগ দিয়েছিলেন গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে (Gauri Lankesh Murder Accuse) অন্যতম অভিযুক্ত শ্রীকান্ত পানগড়কর। এরপর বিতর্ক মাথাচাড়া দিতেই আপাতত পদ থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে।
সম্প্রতি জামিনে মুক্তি পান শ্রীকান্ত (Shrikant Pangarkar)। এরপরই শিবসেনার শিন্ডে শিবিরে ঘরওয়াপসি শ্রীকান্তের। দলের প্রবীণ নেতা তথা প্রাক্তন মন্ত্রী অর্জুন খোটকারের হাত ধরেই শিবসেনায় (Shiv Sena) যোগ দেন তিনি। শুক্রবার সেই যোগদানের পর খোটকার জানান,একইসঙ্গে জালনা (Jalna Assembly seat) বিধানসভা নির্বাচনের দায়িত্বও দেওয়া হচ্ছে শ্রীকান্তকে।

দলে যোগ দিতেই শ্রীকান্তের পদপ্রাপ্তি নিয়ে শুরু হয় সমালোচনা। পরিস্থিতি বিগড়ানোর আগেই আসরে নামলেন একনাথ শিন্ডে। শিন্ডে নির্দেশ দেন, শ্রীকান্তকে দলের কোনও দায়িত্বে রাখা যাবে না। একইসঙ্গে জেলাস্তরে যে নিয়োগ করা হয়েছে তা বাতিল বলেও ঘোষণা করেন শিন্ডে। পদপ্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যেই পদ থেকে সরিয়ে দেওয়া হল শ্রীকান্তকে।
২০১৭ সালের ৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে গুলি করে খুন করা হয় সাংবাদিক ও সমাজসেবী গৌরী লঙ্কেশকে। মহারাষ্ট্রের এজেন্সির সঙ্গে যৌথভাবে তদন্তে নেমে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করে কর্ণাটক পুলিশ। সেই ঘটনাতেই ২০১৮ সালের অগাস্টে গ্রেফতার হন শ্রীকান্ত।
অভিযুক্তদের মধ্যে অন্যতম জালনার পুর কাউন্সিলর শ্রীকান্ত পানগড়কর। আততায়ীদের আগ্নেয়াস্ত্র জোগাড় করে দিয়েছিলেন বলে অভিযোগ শ্রীকান্তের বিরুদ্ধে। খুনের মামলার নিষ্পত্তি এখনও হয়নি। গত মাসে কর্ণাটক হাইকোর্ট শ্রীকান্তকে জামিন দেয়।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিবসেনার সঙ্গে যুক্ত ছিলেন পানগড়কর। ২০১১ তে টিকিট না পাওয়ায় হিন্দু জনজাগ্রুতি সমিতিতে যোগ দেন তিনি। ২৮৮টি আসনের মহারাষ্ট্রে ২০ নভেম্বর এক দফাতেই বিধানসভা নির্বাচন (Maharashtra Assembly Election 2024) হতে চলেছে। ভোট গণনা হবে ২৩ নভেম্বর।












Click it and Unblock the Notifications