একই ধর্ষকদের হাতে তিন বছর পর ফের গণধর্ষিতা দলিত যুবতী
রোহতক, ১৮ জুলাই : বছর ২০-র এক যুবতীকে গণধর্ষণ করে ঝোপের মধ্য়ে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে পাঁচ যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লি থেকে ৬০ কিলোমিটার দূরে হরিয়ানার রোহতকে।
তবে সবচেয়ে আশ্চর্যের হল, ২০১৩ সালে তিনিবছর আগে এই অভিযুক্তরাই ধর্ষণ করেছিল নিগৃহীতা ওই দলিত যুবতীকে। অভিযোগ, তিনবছর পরে ফের এই পাঁচ যুবকই গণধর্ষণ করেছে যুবতীকে।

নিগৃহীতা যুবতীর পরিবার জানিয়েছে, অভিযুক্ত যুবকদের বয়স কুড়ির কোটায়। তারা জামিনে মুক্ত ছিল। তারা চেয়েছিল মামলা যাতে আদালত থেকে তুলে নেওয়া হয়। সেজন্য বারবার চাপ দিচ্ছিল অভিযুক্তরা।
নিগৃহীতা যুবতী জানিয়েছে, সে কলেজে গিয়েছিল। বেরিয়ে এসে দেখে একটি গাড়ি নিয়ে কলেজের বাইরে অপেক্ষা করছে পাঁচ অভিযুক্ত। তিনজন গাড়িতে ছিল এবং দু'জন বাইরে দাঁড়িয়েছিল। এরপর জোর করে তাঁকে গাড়িতে তুলে নিয়ে অজ্ঞান করে ফের ধর্ষণ করে অভিযুক্তরা। এরপরে যুবতীর দেহ ঝোপের মধ্যে ফেলে দিয়ে পালিয়ে যায়।
পরিবারের তরফে জানা গিয়েছে, অভিযুক্তরা সকলেই উঁচু জাতের ও উচ্চবিত্ত পরিবারের সন্তান। ৫০ লক্ষ টাকা দিয়ে মামলা বন্ধ করতে চেয়েছিল তারা। তবে তা না হওয়ায় মেয়েকে ফের নিগৃহীত হতে হল বলে আক্ষেপ পরিবারের।
রোহতকের পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার যুবতীকে ঝোপ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এফআইআর দায়ের করে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications