বিহারের বেশিরভাগ জায়গায় গঙ্গা নদীর জল স্নানের অনুপযুক্ত, বলছে সমীক্ষা
সম্প্রতি উত্তরপ্রদেশের গঙ্গার জলে ব্যাকটেরিয়া থাকার নমুনা সংগ্রহ করেছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। মহাকুম্ভ চলাকালীন সেই রিপোর্ট সামনে আসে। যা নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়ে মাত্রাতিরিক্ত হারে। এবার সেই তালিকায় জুড়ল আরও এক রাজ্যের নাম।
বিহারের সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, রাজ্যের গঙ্গা নদীর জল বেশিরভাগ এলাকায় স্নানের জন্য উপযুক্ত নয়, কারণ এতে "ব্যাকটেরিওলজিক্যাল পপুলেশন" বা কলিফর্ম ব্যাকটেরিয়ার মাত্রা অত্যধিক।

গঙ্গার জল দূষণের কারণ
বিহার স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড (BSPCB) জানিয়েছে, রাজ্যের ৩৪টি স্থানে প্রতি ১৫ দিন অন্তর অন্তর গঙ্গা জলের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সেই পরীক্ষার মাধ্যমে এই তথ্য উঠে এসেছে। সমীক্ষায় উল্লেখ করা হয়েছে যে নদীর আশপাশের শহরগুলোর গৃহস্থালীর বর্জ্য ও অপরিশোধিত নিষ্কাশন সরাসরি গঙ্গায় মিশে যাওয়াই এই দূষণের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।
BSPCB-এর চেয়ারম্যান ডি কে শুক্লা বলেছেন, "গঙ্গার জলে ফিকাল কলিফর্মের মাত্রা খুব বেশি, যা মানবদেহের জন্য ক্ষতিকর হতে পারে। স্নানের উপযুক্ত জলের ক্ষেত্রে অনুমোদিত সীমা ২,৫০০ এমপিএন/১০০ এমএল হলেও বেশিরভাগ স্থানে এর মাত্রা এরচেয়ে অনেক বেশি পাওয়া গেছে"।
গঙ্গার জলের মান সংক্রান্ত জরিপের গুরুত্বপূর্ণ তথ্য:
গুলাবি ঘাট: ৫,৪০০ এমপিএন/১০০ এমএল
ত্রিবেণী ঘাট: ৫,৪০০ এমপিএন/১০০ এমএল
গাইঘাট: ৩,৫০০ এমপিএন/১০০ এমএল
গান্ধী ঘাট (এনআইটি): ৩,৫০০ এমপিএন/১০০ এমএল
হাতিদাহ: ৫,৪০০ এমপিএন/১০০ এমএল
সরকার গঙ্গার দূষণ কমাতে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে রাজ্যের পয়ঃনিষ্কাশন শোধনাগার (STP) যাতে কার্যকরভাবে কাজ করে, সে বিষয়ে BSPCB সক্রিয় হয়েছে। ডি কে শুক্লা বলেন, "আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি দ্রুততম সময়ে অপরিশোধিত নর্দমার শোধনাগার নির্মাণ সম্পন্ন করতে"।
BSPCB আরও জানিয়েছে, রাজ্যের বিভিন্ন শিল্প ইউনিট ও পৌরসভার পয়ঃনিষ্কাশনের মান নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমানে, দূষণ নিয়ন্ত্রণ বোর্ড ২,৫৬১টি নমুনা সংগ্রহ করেছে, যা গঙ্গার দূষণ পরিস্থিতি মূল্যায়নে সাহায্য করবে।
গঙ্গার জলজ জীবন ও কৃষিকাজের জন্য এখনও উপযুক্ত হলেও, এর উচ্চ মাত্রার ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে এটি সরাসরি ব্যবহার বা স্নানের জন্য নিরাপদ নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রশাসনের দাবি, গঙ্গাকে দূষণমুক্ত করতে সরকারি প্রকল্পগুলোর কাজ দ্রুতগতিতে চালাতে হবে।












Click it and Unblock the Notifications