মহাকুম্ভের ঘটনা থেকে শিক্ষা, বারাণসীর ঘাটে গঙ্গা আরতি বন্ধ আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত
মহাকুম্ভের কারণে বিপুল সংখ্যক ভক্ত বারাণসীতে সমবেত হওয়ায়, ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দশাশ্বমেধ ঘাটসহ বেশ কয়েকটি ঘাটে গঙ্গা আরতি সাধারণ দর্শনার্থীদের জন্য স্থগিত করে দেওয়া হল।
গঙ্গা সেবা নিধির সভাপতি সুশান্ত মিশ্র শুক্রবার জানিয়েছেন যে দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে। একই সঙ্গে শীতলা ঘাট, অসি ঘাট এবং অন্যান্য ঘাটগুলিতেও গঙ্গা আরতি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কমিটিগুলোর পক্ষ থেকে দর্শনার্থীদের আগামী কয়েকদিন বারাণসী সফর না করার অনুরোধ জানানো হয়েছে।

প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা থেকে ফেরার পথে হাজার ভক্ত বারাণসী ক্যান্ট এবং বেনারস রেলওয়ে স্টেশনে আটকে পড়েছেন। অতিরিক্ত ভিড়ের কারণে অনেক ভক্ত তাদের নির্ধারিত ট্রেন ধরতে পারেননি। এই পরিস্থিতিতে পুলিশ কমিশনার মোহিত আগরওয়াল বারাণসীবাসীদের কাছে অনুরোধ করেছেন যেন তারা ভক্তদের সহযোগিতা করেন।
ক্যান্টের সহকারী পুলিশ কমিশনার বিদুষ সাক্সেনা জানিয়েছেন, মৌনী অমাবস্যার পর থেকে বারাণসীতে ভক্তদের ঢল ব্যাপকভাবে বেড়েছে। নিরাপত্তা বাহিনী নিয়মিত টহল দিচ্ছে এবং পর্যটকদের ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি ভক্তদের উদ্দেশ্যে অনুরোধ করেন, "যদি সম্ভব হয়, কয়েকদিনের জন্য বারাণসী সফর পিছিয়ে দিন"।
সরকারি তথ্য অনুসারে, ৩১ জানুয়ারি পর্যন্ত ১.৫৮ কোটিরও বেশি ভক্ত পবিত্র সঙ্গমে ডুব দিয়েছেন। ৩০ জানুয়ারি পর্যন্ত ত্রিবেণী সঙ্গমে ২৯.৬৪ কোটির বেশি মানুষ স্নান করেছেন। মহাকুম্ভ শুরু হয়েছে ১৩ জানুয়ারি থেকে এবং চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
সাম্প্রতিক কিছু ভাইরাল খবরে বলা হয়েছিল যে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজে যানবাহন প্রবেশের নিষেধাজ্ঞা থাকবে। তবে, জেলা ম্যাজিস্ট্রেট রবীন্দ্র কুমার মান্দার এই দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ৩১ জানুয়ারি, ১ ফেব্রুয়ারি ও ৪ ফেব্রুয়ারিতে যানবাহন প্রবেশে কোনও বিধিনিষেধ থাকছে না। তবে, ২ ও ৩ ফেব্রুয়ারিতে ট্রাফিক ডাইভারশন স্কিম কার্যকর থাকবে।
মহাকুম্ভ উপলক্ষে প্রয়াগরাজ ও বারাণসীতে ভক্তদের ঢল নেমেছে। বিপুল জনসমাগমের কারণে গঙ্গা আরতি বন্ধসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসন ভ্রমণকারীদের আগামী কয়েকদিন বারাণসী সফর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। তবে এই সবকিছুই হচ্ছে মহাকুম্ভে পদপিষ্টের মত ভয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়ার পর। বিশেষজ্ঞরা অনেকেই বলছেন, একটা বড় দুর্ঘটনার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। এই বিষয়টি আগে ভাবলে হইত এমনটা ঘটত না।












Click it and Unblock the Notifications