Gaganyaan Mission: পিছিয়ে গেল ভারতের ‘গগনযান মিশন’, নতুন তিন অভিযানের সূচি ঘোষণা ইসরোর
Gaganyaan Mission: পিছিয়ে গেল ইসরোর (ISRO) গগনযান অভিযান। মহাকাশে ভারতীয় নভশ্চর পাঠানোর প্রথম অভিযান ২০২৫ সালে হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। পরিবর্তে ২০২৬ সালে হবে ওই অভিযান। জানালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ (ISRO Chief S. Somanath)।
আকাশবাণীতে সর্দার প্যাটেল স্মারক বক্তৃতায় ২০২৫ এর গগনযান মিশন হবে না বলে জানান তিনি। একইসঙ্গে নতুন তিনটি অভিযানের সময়সূচি ঘোষণা করেন ইসরো প্রধান। সাধারণত যান্ত্রিক ত্রুটির কারণেই ২০২৫ সালে গগনযান মিশন হচ্ছে না। ততদিন গগনযানের সাফল্য নিশ্চিত করতে নিরাপত্তার দিকটি খতিয়ে দেখা হবে বলে জানান ইসরো প্রধান।

এস সোমনাথ এদিন জানান, ২০২৬ সালে হবে গগনযান মিশন। ২০২৮ সালে চাঁদের মাটিতে পাঠানো হবে চন্দ্রযান-৪। তবে তাদের আগে ২০২৫ সালে আপাতত ভারত ও আমেরিকার যৌথ উদ্যোগে হবে অভিযান 'নিসার'।
ইসরো প্রধান আরও জানান, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা (JAXA)-র সঙ্গে যৌথ উদ্যোগে চাঁদে অভিযান (Moon landing Mission) হবে। অভিযানের নাম হবে 'চন্দ্রযান-৫'। তবে ২০২৮ সালের পরে সেটি হবে।
গ্লোবাল স্পেস ইকোনমিতে বর্তমানে ২ শতাংশ অবদান ভারতের। পরবর্তী এক দশকে তা ১০ শতাংশ নিয়ে যাওয়াই ইসরোর লক্ষ্য় বলে জানান এস সোমনাথ। আন্তর্জাতিক মহাকাশ গবেষণা ক্ষেত্রে ভারতকে উঁচু স্থানে পৌঁছে দিতেই সচেষ্ট ইসরো। আর সেক্ষেত্রেই গগনযান মিশন বড় ভূমিকা নেবে বলে মনে করছেন ইসরো প্রধান।
২০১৮ সালের ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রথম গগনযান মিশনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন ভারতীয় মহাকাশচারীকে নিয়ে শ্রীহরিকোটা থেকে ভারতের প্রথম মনুষ্যবাহী মহাকাশযান উৎক্ষেপণ করার কথা ছিল। তবে শেষ মুহূর্তে পিছিয়ে গেল অভিযান।
উল্লেখ্য, ডিসেম্বরে বিদ্যুৎচালিত স্যাটেলাইট TDS-01 উৎক্ষেপণ করতে চলেছে ভারত। ২০৪০ সালের মধ্যে চন্দ্রযান ৫ পাঠানোর পরিকল্পনাও করছে ভারত। চন্দ্রযান ৩-র সঙ্গে ছিল ২৭ কেজির রোভার। তবে চন্দ্রযান ৫-এর সঙ্গে ৩৫০ কেজির রোভার থাকবে বলে জানিয়েছে ইসরো।












Click it and Unblock the Notifications