G20 summit 2023: জম্মু-কাশ্মীরে জি-২০ সম্মেলনে আশায় ভারত, ৬০-এর বেশি প্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত
G20 summit 2023: জম্মু-কাশ্মীরে জি-২০ সম্মেলন শুরু হচ্ছে আজ সোমবার। এই সম্মেলনে ৬০জনেরও বেশি প্রতিনিধি অংশ নেবেন এবার। কেন্দ্রীয় পর্যটন সচিব জানিয়েছেন, এই ইভেন্ট জম্মু-কাশ্মীর উপত্যকায় পর্যটনের সম্ভাবনাকে আরও বাড়িয়ে দেবে।
জম্মু-কাশ্মীরকে বিশ্বের পর্যটন মানচিত্রে তুলে ধরতেই এবার এই উদ্যোগ নেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। এই উদ্যোগ জম্মু-কাশ্মীরকে বিশ্বব্যাপী স্থিতিশীলতা ও স্বাভাবিকতা পুনরুদ্ধারের সুযোগ দেবে।

২২ থেকে ২৪ মে তিনদিন ব্যাপী কাশ্মীর উপত্যকায় পর্যটন ওয়ার্কিং গ্রুপের ঐতিহাসিক জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে স্থানীয় প্রশাসন আয়োজন নিশ্চিত করেছে। নিরাপত্তার কোনো ফাঁক রাখা হয়নি।
জম্মু ও কাশ্মীরের রাজ্যের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। পরিবর্তে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়েছিল পুরনো জম্মু-কাশ্মীরকে। তারপরে জি-২০ সম্মেলন কাশ্মীরে সবথেকে বড় আন্তর্জাতিক ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে।
নয়াদিল্লিতে একটি সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় পর্যটন সচিব অরবিন্দ সিং বলেন, কিছু সদস্য দেশ এখনও নিবন্ধন করেনি। তবে আমরা আশা করছি তাঁরা নিবন্ধন সম্পূর্ণ করবে। নিবন্ধনের শেষ তারিখ ২২ মে। এদিনই শুরু হচ্ছে জি-২০ সম্মেলন। ইতিমধ্যে ৬০ অভ্যাগত অংশ নি্চ্ছেন বলে জানা গিয়েছে।

কেন্দ্রীয় পর্যটন সচিব বলেন, জম্মু ও কাশ্মীরে সভা অনুষ্ঠিত করা শুধুমাত্র পর্যটনের জন্য তার সম্ভাবনার দুয়ার খুলে দেবে না, বরং বিশ্বব্যাপী জম্মু ও কাশ্মীরের এই অঞ্চলে স্থিতিশীলতা এবং স্বাভাবিকতা পুনরুদ্ধারের একটা আবহ তৈরি করবে।
ইতিমধ্যে জম্মু-কাশ্মীরের ডাল লেক এবং এসকেআইসিসি-র আশেপাশে যেখানে ইভেন্টটি হবে, সেখানে এলিট এনএসজি, মেরিন কমান্ডো, প্যারা মিলিটারি ট্রুপস, স্থানীয় পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলি পর্যাপ্ত সংখ্যক বাহিনী মোতায়েন করেছে।
কেন্দ্রীয় পর্যটনমন্ত্রক জানিয়েছে, ফিল্ম ট্যুরিজমের প্রচারের কৌশলগুলিকে কেন্দ্র করে ২২ মে 'অর্থনৈতিক বৃদ্ধি এবং সাংস্কৃতিক সংরক্ষণের জন্য ফিল্ম ট্যুরিজমের একটি সাইড ইভেন্টের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে জি-২০ সদস্য দেশ, আমন্ত্রিত দেশ, আন্তর্জাতিক সংস্থা এবং ফিল্ম ইন্ডাস্ট্রির নেতৃস্থানীয় প্রযোজক-সহ শিল্প স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করবেন।
তিনি আরও জানান, এই সম্মেলনে অংশ নেওয়া সমস্ত প্রতিনিধিরাই ডাল লেকের শিকারায় যাত্রা করবেন এবং ডাল লেকের তীরে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিতে অংশ নেবেন। এখানে নিরাপত্তায় কোনো খামতি রাখা হয়নি। ভারতের তরফে থেকে এ ব্যাপারে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এখানে উল্লেখ্য, জি ২০-র সদস্য দেশগুলি হল আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য বা ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, এবং ইউরোপীয় ইউনিয়ন।












Click it and Unblock the Notifications