G20 Summit 2023: হাসিনা-সুনকের পর দিল্লিতে পা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন, নজর দ্বিপাক্ষিক বৈঠকে
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালেই এসে পৌঁছেছিলেন, দুপুরে দিল্লিতে পা রাখেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। তারপর সন্ধ্যায় দিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে এলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার নির্ধারিত ৬টা ৫৫ মিনিটে ভারতের মাটিকে পা রাখলেন তিনি।
এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তারপর শনিবার সকালে থেকে নয়াদিল্লি বসবে ১৮তম জি২০ শীর্ষ সম্মেলনের আসর। সেখানে বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় দেশের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এদিন বাইডেন দিল্লিতে নামতেই তাঁকে স্বাগত জানানো হয়।

রাজধানী দিল্লি সেজে উঠেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে এবার জাতীয় রাজধানীতে বসেছে জি২০ শীর্ষ সম্মেলন। কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে। আতিথেয়তার কোনও খামতি নেই। একে একে অভ্যাগতরা আসছেন, তাঁদের অভ্যর্থনা জানানো হচ্ছে। হাসিনা, সুনক, বাইডেন এসে গিয়েছেন। এবার আসবেন ট্রুডো, ম্যাঁক্রো থেকে শুরু করে সকলেই।
বুধবার ক্যাবিনেট বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপ্রধানদের অতিথি-অভ্যাগতদের স্বাগত জানানোর জন্য বিভিন্ন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন। জি-২০ সম্মেলন চলাকালীন প্রত্যেক মন্ত্রীকে রাজধানীতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যে মুহূর্তে যিনি ভারতে পা রাখবেন, তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত থাকবেন সেই মন্ত্রী।
তেমনই শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে দিল্লিতে নামেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁকে স্বাগত জানান অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভিকে সিং। এর আগে দুপুর ১টা ৪০ মিনিটে দিল্লি বিমানবন্দরে নামেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। তাঁকে স্বাগত জানান ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী অশ্বিনীকুমার চৌবে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সকালে স্বাগত জানান রেল মন্ত্রকের প্রতিমন্ত্রী দর্শন জরদৌস। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জো বাইডেনের দ্বিপাক্ষিক বৈঠকের দিকে নজর। দুই নেতা ক্লিন এনার্জি, বাণিজ্য, উচ্চ প্রযুক্তি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা করবেন। আরও উদার ভিসা ব্যবস্থার বিষয়েও তাঁরা আলোচনা করতে পারেন।












Click it and Unblock the Notifications