G20 Summit 2023: আসছেন না শি, আসবেন লি! নয়াদিল্লিতে জি ২০ বৈঠক নিয়ে অবস্থান জানাল চিন
G20 Summit 2023: ৯-১০ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত জি ২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। এদিন বিষয়টি নিশ্চিত করেছে বেইজিং। চিনের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশের প্রধানমন্ত্রী লি কিয়াং চিনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ভারত-চিন সীমান্তে তৎপরতা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মাঝখানে চিন এই সিদ্ধান্ত নিয়েছে।
চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিং সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছেন, ভারত সরকারের আমন্ত্রণে প্রধানমন্ত্রী লি কিয়াং ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম জি ২০ সম্মেলনে যোগ দেবেন। এর আগেই চিনের তরফে ভারতকে জানানো হয়েছিল প্রেসিডেন্ট শি জিনপিং নয়াদিল্লিতে শীর্ষ সম্মেলনে থাকতে পারছেন না। সেই সময় কোনও লিখিত বিবৃতি দেওয়া হয়নি। এদিন তা দেওয়া হয়েছে।

তবে চিনের বিদেশমন্ত্রকের তরফে প্রেসিডেন্ট শি জিনপিং কেন নয়াদিল্লিতে জি ২০ শীর্ষ সম্মেলনে হাজির থাকতে পারছেন না, তার কারণ অবশ্য উল্লেখ করা হয়নি। শি জিনপিং-এর অনুপস্থিতির প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রবিবার বলেছিলেন, তিনি হতাশ যে চিনা প্রেসিডেন্ট জি ২০ সম্মেলনে যোগ দিচ্ছেন না। উল্লেখ্য যে বাইডেন ভারত সফর করবেন ৭-১০ সেপ্টেম্বর।
সাম্প্রতিক সময় বেইজিং-এর তরফে নতুন একটি মানচিত্র প্রকাশ করে সেখানে অরুণাচল প্রদেশ ও লাদাখের আকসাই চিনকে সেদেশের অংশ হিসেবে দেখানো হয়। যা নিয়ে দুদেশের মধ্যে উত্তেজনা
বেড়েছে। ভারতের তরফে চিনের দাবিকে অযৌক্তিক বলে উড়িয়ে দেওয়া হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ঘোষণা করেছেন তিনিও নয়াদিল্লির জি ২০ শীর্ষ সম্মেলনে হাজির থাকতে পারছেন না। বদলে সেদেশের প্রপতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
নয়াদিল্লিতে জি ২০ শীর্ষ সম্মেলনে আয়োজক ভারত ছাড়া যেসব দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন, তারা হল আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন।












Click it and Unblock the Notifications