রাফাল থেকে এসইউ ৩০, প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বায়ুসেনার ফ্লাইপাস্টে গ্র্যান্ড ফিনালে
৭৭তম প্রজাতন্ত্র দিবসের মূল আকর্ষণ যেন রয়ে গেল আকাশেই। সোমবার দিল্লির কর্তব্যপথের ওপরে ভারতীয় বায়ুসেনা এক দুর্দান্ত ফ্লাইপাস্টের মধ্য দিয়ে প্যারেডের গ্র্যান্ড ফিনালে উপহার দিল দেশবাসীকে। আকাশময় রাফাল, এসইউ ৩০ থেকে শুরু করে মিগ ২৯, পি ৮আই ও অ্যাপাচি বিভিন্ন ফাইটার জেট ও হেলিকপ্টারের টানা গতিময় উড্ডয়ন চমকে দিল দর্শকদের।
এই বছরের ফ্লাইপাস্টে মোট ২৯টি বিমান ছিল, যার মধ্যে ছিল ১৬টি যুদ্ধবিমান, চারটি পরিবহণ বিমান ও নয়টি হেলিকপ্টার। যুদ্ধবিমানগুলির তালিকায় ছিল রাফাল, এসইউ ৩০ এমকেআই, মিগ ২৯ ও জাগুয়ার, সঙ্গে কৌশলগত সম্পদ সি ১৩০ ও সি ২৯৫ ও ভারতীয় নৌসেনার পি ৮আই। বিভিন্ন ফর্মেশনে ছিল ভিন্ন ভিন্ন কৌশল।

বরুণ ফর্মেশন একটি পি ৮ আই ও দুটি এসইউ ৩০ বিমান একত্রে 'ভিক' (V) ফর্মেশনে উড়ে গেল কর্তব্যপথের আকাশ ধরে।
অর্জুন ফর্মেশন এবার সামনে সি ১৩০, তার ডানা ধরে দুই পাশে সি ২৯৫, একই 'ভিক' কৌশলে উড্ডয়ন। ফর্মেশনটির নিখুঁত শৃঙ্খলা দেখাল পাইলটদের তুলনাহীন দক্ষতা।
'ভিক' ফর্মেশনে বিমানগুলি আকাশে V আকৃতিতে উড়ে, এক উচ্চতায়, একই রেফারেন্স ধরে যা কাটাকুটি বা সংঘর্ষের ঝুঁকি কমিয়ে নিখুঁত সিমেট্রি তৈরি করে।
এরপর বজ্রাঙ্গ ফর্মেশন, যেখানে ছয়টি রাফাল যুদ্ধবিমান একসঙ্গে আকাশ চিরে উড়ে গিয়ে শক্তির প্রদর্শন করল। এটি শুধু দৃশ্যগত সৌন্দর্যই নয়, বরং ভারতীয় বায়ুশক্তির আধুনিকতা ও নিখুঁততা তুলে ধরল।
সবশেষে দর্শকদের নজর কাড়ল বিজয় ফর্মেশন। একক রাফাল বিমান ঘণ্টায় প্রায় ৯০০ কিমি গতিতে রাজপথের উত্তর জলধারার ওপর দিয়ে মাত্র ৩০০ মিটার উচ্চতায় উড়ে যায়। তারপর আচমকা 'ভার্টিক্যাল চার্লি' কৌশলে উপরের দিকে লাফিয়ে উঠে গতিময় ঘূর্ণনে আকাশ কাঁপিয়ে দিল। এই ঝটপট উর্ধ্বগতি, রোল ও নিয়ন্ত্রণের ছন্দ পাইলটের দক্ষতা ও রাফালের শক্তি দুটোই একসঙ্গে তুলে ধরল।
এরই আগে প্যারেডের প্রথম ভাগে ধ্রুব(এএলএইচ), রুদ্র(এএলএইচ- ডব্লিউএসআই) ও এএলএইচ মার্ক IV হেলিকপ্টারে গঠিত প্রহার ফর্মেশন 'অপারেশন সিঁদুর ' এর পতাকা নিয়ে আকাশে ভারতীয় স্থলসেনার সাহসিকতার প্রতীক হয়ে উঠেছিল।
প্রজাতন্ত্র দিবসের মাটির প্যারেড যেমন ছিল শৃঙ্খলার সৌন্দর্য, আকাশের ফ্লাইপাস্ট ঠিক তেমনই ছিল শক্তি, প্রযুক্তি ও দক্ষতার দাপট যা দেশবাসীর মনে আরও একবার বায়ুসেনার প্রতি আস্থা ও গর্বের আলো জ্বালিয়ে দিল।












Click it and Unblock the Notifications