২৩ জানুয়ারি থেকে মোদীর হাত ধরে তামিলনাড়ুতে জোরদার হবে এনডিএ’র নির্বাচনী অভিযান, জোট আলোচনায় তুঙ্গে উত্তেজনা
চেন্নাইয়ের উপকণ্ঠে মাদুরান্থাকাম প্রায় ১০০ কিলোমিটার দূরের এই শহরটি ২৩ জানুয়ারি সাক্ষী থাকতে চলেছে বড় রাজনৈতিক পালাবদলের। তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের আর চার মাস বাকি, আর ঠিক সেই সময়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নামছেন প্রচারের ময়দানে, এনডিএ জোটকে নতুন করে মজবুত করতে।
রাজনৈতিক শিবিরে জোর গুঞ্জন এই মহাসমাবেশেই এনডিএ শিবিরে নতুন সঙ্গীদের আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। জোটনেতা এআইএডিএমকে ইতিমধ্যেই জানিয়েছে, অভিনেতা বিজয়কান্তের দল ডিএমডিকে এর সঙ্গে আলোচনা শেষ পর্যায়ে। অন্যদিকে বিজেপির আগ্রহ ও পনিরসেলভম ও টিটিভি দিনাকরণকে একই ছাতার নীচে আনা। তবে ব্যক্তিগত বিরোধের কারণে এআইএডিএমকে সাধারণ সম্পাদক এডাপাড়ি কে পালানিস্বামী ও পিএস কে নিয়ে উষ্মা ছড়াচ্ছেন বলেই শোনা যাচ্ছে। দিন করণের ক্ষেত্রে ২৩ জানুয়ারিতেই ঘোষণা হওয়া অসম্ভব নয়।

এদিকে এআইএডিএমকে ইতিমধ্যেই পিএমকের একাংশকে পাশে পেয়েছে। দলীয় প্রতিষ্ঠাতা রামাদোস তাঁর পুত্র অনবুমণি রামাদোসকে দল থেকে ছেঁটে দেওয়ায় পিএমকে দু'ভাগে ভেঙেছে। পিতা এখনও জোট নিয়ে চূড়ান্ত অবস্থান জানাননি, তবে অনবুমণি এনডিএ শিবিরে জায়গা পাকাপোক্ত করেছেন।
তামিল তারকা বিজয়ের নতুন রাজনৈতিক দল টিভিকে। অভিনেতা রাজিনীকান্ত বা কমল হাসানের মতো নয়, বিজয়ের জনপ্রিয়তা এখন তুঙ্গে, ফলে তার রাজনৈতিক আগমন উপেক্ষা করা অসম্ভব। যদিও টিভিকে প্রকাশ্যে ডিএমকে ও বিজেপি উভয়ের থেকেই দূরত্ব বজায় রেখেছে, এআইএডিএমকে শিবিরের দাবি নেপথ্যে আলোচনা চলছে। যদি শেষ পর্যন্ত বিজয় ও এআইএডিএমকে হাত মেলান, তাহলে বিজেপির ভূমিকা কি হবে নতুন প্রশ্ন সেখানেই।
তামিলনাড়ুর সাম্প্রতিক ঘটনাপ্রবাহ.বিজয়ের সিনেমা 'জননায়গন' এর সেন্সর সার্টিফিকেটে দেরি, কারুর মামলায় সিবিআই জিজ্ঞাসাবাদ এসবই রাজ্যে রাজনৈতিক লক্ষ্যভেদ হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। বিজেপির ওপর আঙুল উঠছে 'টার্গেটিং' এর অভিযোগে।
বিজেপির ধারণা আইনশৃঙ্খলা ও দুর্নীতি ইস্যুতে ক্ষমতাসীন এমকে স্ট্যালিন সরকার এইবার চাপে পড়তে পারে। তাই আগেভাগেই প্রচারের ভার তুলে নিয়েছেন মোদী। আগামী কয়েক সপ্তাহে প্রধানমন্ত্রীকে একাধিকবার তামিলনাড়ুর মাটিতে নামিয়ে বিজেপি ও এনডিএ প্রচারে আরও আগুন ধরানোর পরিকল্পনা।
সব মিলিয়ে চা চক্র, দরকষাকষি, তারকা রাজনীতি ও পুরনো শত্রুতার মিশেলে তামিলনাড়ু ভোটযুদ্ধের ময়দান ইতিমধ্যেই উত্তপ্ত। ২৩ জানুয়ারি মাদুরান্থাকামের জনসভা সেই উত্তাপে বাড়তি ঘি ঢালতে চলেছে বলেই ধারণা রাজনৈতিক মহলের।












Click it and Unblock the Notifications