কংগ্রেসের সমস্যা আরও বাড়ল! নতুন করে নোটিশ, আয়কর বিভাগের দাবি শুনলে চমকে যাবেন
আয়কর বিভাগের নতুন করে নোটিশ। যার জেরে কংগ্রেসের সমস্যা আরও বেড়েছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। অ্যাসেসমেন্ট ইয়ার ২০১৪-১৫ থেকে ২০১৬-১৭ বছরের জন্য আয়কর বিভাগের তরফে ১৭৪৫ কোটি টাকা দাবি করা হয়েছে। আগেকার এবং এই নোটিশ মিলিয়ে আয়কর বিভাগ কংগ্রেসের কাছে দাবি করেছে মোট ৩৫৬৭ কোটি টাকা।
সূত্রের খবর, নতুন এই নোটিশে অ্যাসেসমেন্ট ইয়ার ২০১৪-১৫-র জন্য ৬৬৩ কোটি, ২০২৫-১৬-র জন্য ৬৬৪ কোটি এবং ২০১৬-১৭-র জন্য প্রায় ৪১৭ কোটি টাকা দাবি করা হয়েছে আয়কর বিভাগের তরফে। সূত্রের আরও খবর, আয়কর তল্লাশিতে তদন্তকারী সংস্থা কংগ্রেসের কিছু নেতার থেকে বাজেয়াপ্ত করা ডায়েরিতে থাকা থার্ড পার্টি এন্ট্রির জন্যও কংগ্রেসের ওপরে কর ধার্য করা হয়েছে।

শুক্রবার কংগ্রেসের তরফে জানানো হয়েছিল, তারা আয়কর বিভাগ থেকে ১,৮২৩ কোটি টাকার নোটিশ পেয়েছে। আয়কর বিভাগ আগেকার বছরগুলির জন্য করের দাবি হিসেবে কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে ইতিমধ্যেই ১৩৫ কোটি টাকা তুলে নিয়েছে। কংগ্রেস এই ১৩৫ কোটি টাকা দাবি করে ইতিমধ্যেই আদালতে আবেদন করেছে, যা নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে শুনানি হতে পারে।
কংগ্রেসের তরপে দাবি করা হয়েছে, বিজেপির নেতাদের নামের পাশে একইরকমভাবে তৃতীয়পক্ষের এন্ট্রিগুলির ওপরে কোনও কর আরোপ করা হয়নি। তারা আরও অভিযোগ করেছে লোকসভা নির্বাচনের সময় বিজেপি কর সন্ত্রাসে জড়িয়েছে এবং প্রধান বিরোধী দলকে আর্থিকভাবে পঙ্গু করার লক্ষ্য নিয়েছে। কংগ্রেসের অভিযোগ, বিজেপি নির্বাচনের সময় লেভেল প্লেয়িং ফিল্ডে বিঘ্ন ঘটাচ্ছে, এব্যাপারে তারা নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানিয়েছে।
প্রসঙ্গত, এর আগে বাম দল সিপিআই ও সিপিআইএমও আয়কর বিভাগের নোটিশ পেয়েছে। আয়কর বিভাগ ২০১৬-১৭ সালের ট্যাক্স রিটার্নে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঘোষণা না করার জন্য বামদলকে ১৫.৫৯ কোটি টাকার নোটিশ দিয়েছে। অন্যদিকে তৃণমূল নেতা সাকেত গোখলে দিন দুয়েক আগে জানিয়েছেন, তিনি এগারোটি আইটি নোটিশ পেয়েছেন।












Click it and Unblock the Notifications