পড়ুয়াদের স্কুটি, প্রবীণদের পেনশন বৃদ্ধি সহ মণিপুরের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি বিজেপির ইস্তেহারে
পড়ুয়াদের স্কুটি, প্রবীণদের পেনশন বৃদ্ধি সহ মণিপুরের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি বিজেপির ইস্তেহারে
মণিপুর বিধানসভা নির্বাচনের জন্য বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে ইস্তেহার প্রকাশ করা হয়। যেখানে বলা হয়, তারা ক্ষমতায় এলে মেধাবী কলেজ পড়ুয়াদের স্কুটি, প্রবীণ নাগরিকদের মাসিক পেনশন হাজার টাকা বৃদ্ধি এবং একশো কোটি টাকার স্টার্ট–আপ তহবিল গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

স্কুটি দেওয়া হবে বিনামূল্যে
ইস্তেহার প্রকাশের দিন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা জানিয়েছেন যে মুখমন্ত্রী এন বীরেন সিংয়ের নেতৃত্বের অধীনে রাজ্য গত পাঁচ বছরে বিকাশের দিকে এগিয়ে গিয়েছে। রাজ্যে মাদকের মোকাবিলা করা এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করেছে মণিপুর। ইস্তেহার থেকে উদ্ধৃতি দিয়ে নাড্ডা বলেন, 'রাজ্যে মহিলাদের ক্ষমতায়ন করার জন্য মেধাবী কলেজ পড়ুয়াদের বিনামূল্যে স্কুটি দেওয়া হবে।' বিজেপি ক্ষমতায় ফিরে এলে 'রানী গাইগাইদিনলিউ নুপি মাহেইরোই সিঙ্গি স্কিম'-এর অধীনে অর্থনৈতিকভাবে দুর্বল অংশের মেয়েদের ২৫ হাজার টাকা দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

প্রবীণ নাগরিকদের পেনশন বৃদ্ধি
মণিপুর বিধানসভার আসন্ন নির্বাচনে যুদ্ধের রেখা স্পষ্ট হয়ে উঠেছে। বিধানসভার ৬০টি আসনের জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি ও ৫ মার্চ দু'টি ধাপে নির্বাচন হবে। লড়াই মূলত বিজেপি ও কংগ্রেসের মধ্যে। গেরুয়া শিবিরের পক্ষ থেকে এদিন প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্পের আওতায় থাকা সুবিধাভোগীদের প্রত্যেক বছর ২টি করে সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়াও বিজেপি ক্ষমতায় এলে প্রবীণ নাগরিকদের মাসিক পেনশন ২০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত বাড়ানো হবে বলেও জানানো হয় দলের পক্ষ থেকে। নাড্ডা এদিন এও বলেন, 'দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেধাবী পড়ুয়াদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়া হবে, যাতে তারা উচ্চশিক্ষার জন্য যথাযথ প্রস্তুতি নিতে পারে।'

কৃষকদের আর্থিক সহযোগিতা করা হবে
মণিপুরে নিজেরা ক্ষমতায় ফিরতে মরিয়া বিজেপির পক্ষ থেকে এদিন প্রতিশ্রুতিতে বলা হয়, 'প্রান্তিক, ক্ষুদ্র ও ভূমিহীন কৃষকদের সন্তানদের বৃত্তি দেওয়া হবে, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে কারিগরি শিক্ষা গ্রহণ করা হবে।' নাড্ডা জানিয়েছেন যে দল প্রতিশ্রুতি দিয়েছে পিএম কিষাণ সম্মান নিধিতে মণিপুরের কৃষকদের আর্থিক সহযোগিতা ৬ হাজার থেকে বাড়িয়ে ৮ হাজার করে দেওয়া হবে।

একশো কোটির স্টার্ট আপ তহবিল গঠন
বিজেপি যুবকদের চাকরির জন্য প্রস্তুত করার জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য মণিপুর স্কিল ডেভেলপমেন্ট ইউনিভার্সিটি এবং একটি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে স্থাপনের ঘোষণা করেছে যাতে রাজ্যবাসীকে চিকিৎসার জন্য রাজ্যের বাইরে যেতে না হয়। এখানেই শেষ নয়, বিজেপি তার প্রতিশ্রুতিতে এও বলেছে একশো কোটির 'স্টার্ট-আপ মণিপুর তহবিল' উদ্যোক্তাদের ২৫ লাখ টাকা পর্যন্ত শূন্য-সুদে ঋণ দেওয়ার জন্য গঠন করা হবে। বিজেপি জানিয়েছে যে লোকটাক মেগা ইকো-ট্যুরিজম প্রকল্পটি বাস্তবে পরিণত হবে এবং উত্তর-পূর্ব রাজ্যে পর্যটনের প্রচারের জন্য হোমস্টে সুবিধা স্থাপনে অর্থায়ন এবং ভর্তুকি দেওয়া হবে। ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, শীর্ষ বিজেপি নেতা সম্বিত পাত্র, রাজ্য বিজেপি সভাপতি এ সারদা দেবী ও কেন্দ্রীয় মন্ত্রী রাজকুমার রঞ্জন সিং।

মণিপুরের নির্বাচন চিত্র
মণিপুরে নির্বাচনে জয় নিয়ে যথেষ্ট আশাবাদী কংগ্রেস। রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ক্ষমতা ধরে রাখার প্রশ্নে বিজেপি দৃঢ় প্রত্যয়ী হলেও, বাস্তব অন্য কথা বলছে। কার্যত বিজেপিকে ক্ষমতায় ফিরে আসার জন্য কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হবে।












Click it and Unblock the Notifications