বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ, ২ কোটি বেকারের চাকরি! আর কী কী রয়েছে কেজরিওয়ালের ১০ গ্যারান্টিতে
অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তির পরেই বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রবিবার সাংবাদিক সম্মেলন করে তিনি লোকসভা নির্বাচনের জন্য জনগণকে ১০ গ্যারান্টি দিয়েছেন। কেজরিওয়াল বলেছেন, তাঁর গ্রেফতারির কারণে এটা প্রকাশে বিলম্ব হল।
অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, এটা কেজরিওয়ালের গ্যারান্টি। তিনি গ্যারান্টি দিচ্ছেন, ইন্ডিয়া ব্লক সরকার গঠনের পরে এটা পূরণ করবে। তিনি দাবি করেছেন, তাঁর গ্যারান্টি ইন্ডিয়া ব্লকের দৃষ্টিভঙ্গি। মোদী না কেজরিওয়ালের গ্যারান্টি, তা দেশের জনগণ ঠিক করবে বলেও জানিয়েছেন তিনি।

- প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি বিজেপি
কেজরিওয়াল দাবি করেছেন, ১৫ লক্ষ টাকা করে দেওয়া, দুই কোটি চাকরি, স্বামীনাথন কমিটির রিপোর্ট বাস্তবায়ন, কৃষকদের আয় দ্বিগুন করার মতো বিভিন্ন প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল। কিন্তু তারা তা পূরণ করতে পারেনি।
- কেজরিওয়ালই পূরণ করবেন
দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, দিল্লির আপ সরকার স্কুল, মহল্লা ক্লিনিক তৈরি করে গ্যারান্টি পূরণ করেছে। এবার একদিকে মোদীর গ্যারান্টি, অন্যদিকে কেজরিওয়ালের গ্যারান্টি। তিনি প্রশ্ন করেছেন, মোদীর গ্যারান্টি কে পূরণ করবে? কিন্তু কেজরিওয়ালের গ্যারান্টি কেজরিওয়ালই পূরণ করবেন বলে আশ্বস্ত করেছেন তিনি।
- কেজরিওয়ালের ১০ গ্যারান্টি
সারা দেশে দরিদ্ররা বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ পাবে। সারা দেশে ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করা হবে। কোনও এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে না। এর জন্য ১.২৫ লক্ষ কোটি টাকা খরচ হবে।
দিল্লি-পঞ্জাবের মতো দেশের সরকারি স্কুলগুলিকে বেসরকারি স্কুলের থেকে উন্নত করা হবে। বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা থাকবে। এর জন্য পাঁচ লক্ষ কোটি টাকা খরচ হবে।
সরকারি হাসপাতালগুলিকে বেসরকারি হাসপাতালের মতো করা হবে। এর জন্য খরচ হবে পাঁচ লক্ষ কোটি টাকা। বিমা ভিত্তিক প্রকল্পকে কেলেঙ্কারি বলে অভিযোগ করে কেজরিওয়াল বলেছেন, মানুষ সুস্থ থাকলে দেশ এমনিতেই এগিয়ে যাবে।
তিনি বলেছেন, চিন ভারতের জমি দখল করেছে। এটা লুকিয়ে রাখলে সমস্যার সমাধান হবে না। চিনের দখল থেকে জমি উদ্ধার করা হবে। এব্যাপারে সেনাবাহিনীকে থামানো হবে না বলেও জানিয়েছেন তিনি।
- সেনাবাহিনীতে অগ্নিবীর যোজনা বন্ঝ করে পুরনো নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।
- স্বামীনাথন কমিশনের সুপারিশ মতো সব ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করা হবে।
- দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হবে।
- দেশের বেকারত্ব নিয়মতান্ত্রিক পদ্ধতিতে কমানো হবে। এক বছরে দুই কোটি কর্মসংস্থান করা হবে।
- দেশকে দুর্নীতি মুক্ত করতে অসৎ লোকেদের সুরক্ষা দেওয়ার বন্দোবস্ত শেষ করা হবে। বিজেপির ওয়াশিং মেশিন ভেঙে ফেলা হবে।
- ব্যবসায়ীদের ভয় মুক্ত করা হবে, জিএসটি সহজ করা হবে।












Click it and Unblock the Notifications