পাঞ্জাবে স্কুল–ভ্যানে আগুন, মৃত চার শিশু
মর্মান্তিক! জীবন্ত অবস্থায় পুড়ে মরতে হল চার শিশুকে। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের সাঙ্গরুর জেলায়। স্থানীয় সূত্রে খবর, স্কুলের ভ্যানে আগুন লাগার কারণেই এ ভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তে হল ওই চার শিশুকে। ওই চার শিশুর বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে।

পুলিশ সূত্রে খবর, ওই স্কুলভ্যানে মোট ১২ জন শিশু ছিল। আগুন লাগার পরক্ষণেই পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় ৮ শিশুকে উদ্ধার করা সম্ভব হয়। পুলিশের তরফে আরও জানানো হয়েছে যে, ওই ভ্যানটি স্কুল থেকে শিশু পড়ুয়াদের নিয়ে বাড়ি ফিরছিল। অতি দ্রুততার সঙ্গে ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। টুইট করে ক্যাপ্টেন লিখছেন, 'সাঙ্গরুরের এই ঘটনায় আমি মর্মাহত, যেখানে স্কুলভ্যানে আগুন লাগার কারণে চার শিশুর মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সাঙ্গরুরের ডিসি এবং এসএসপি ঘটনাস্থলেই আছেন এবং আমি দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছি। অপরাধীদের কঠোর শাস্তি হবে।’
সূত্রের খবর, লোঙ্গোয়াল-সিডসমাচার রোডে এই দুর্ঘটনা ঘটে। মাঠে যে সমস্ত কৃষকেরা কাজ করছিলেন তাঁরাই ওই বাকি আট শিশুকে ওই জলন্ত স্কুলভ্যান থেকে উদ্ধার করেন। পুলিশের তরফে জানানো হয়েছে যে, স্কুলভ্যানের চালক আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দরজা খুলে দিয়েছিলেন কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি।












Click it and Unblock the Notifications