৪ ঘণ্টায় ১ লক্ষ, মানবিকতার লজ্জায় মুখ লুকোচ্ছে এই হাসপাতাল
স্বাস্থ্যে গাফিলতির ফের এক নজির। এবার অভিযুক্ত নয়ডার এক বেসরকারি হাসপাতাল। চার ঘণ্টার চিকিৎসার পর ১ লক্ষ টাকার বিল তুলে দেওয়া হয় মৃতের পরিবারের হাতে। এর পরেই শুরু হয়েছে বিতর্ক।
স্বাস্থ্যে গাফিলতির ফের এক নজির। এবার অভিযুক্ত নয়ডার এক বেসরকারি হাসপাতাল। চার ঘণ্টার চিকিৎসার পর ১ লক্ষ টাকার বিল তুলে দেওয়া হয় মৃতের পরিবারের হাতে। এর পরেই শুরু হয়েছে বিতর্ক।

ঘটনাটি ঘটে ২১ নভেম্বর। উত্তর প্রদেশের মিরাটের বাসিন্দা বছর কুড়ির শ্বেতাকে রাত একটা নাগাদ নয়ডার ফর্টিস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে হাসপাতালের নিউরোলজি বিভাগে ভর্তি করা হয়।
হাসপাতালের তরফে নানা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। অনেক স্যাম্পেল সংগ্রহ করা হয়। এর পাশাপাশি শ্বেতাকে চার ঘণ্টার জন্য পর্যবেক্ষণেও রাখা হয়।
দুর্ভাগ্যবশত ভোর ৫.২০ নাগাদ মৃত্যু হয় শ্বেতার। মৃত্যুর পর হাসপাতালের তরফে শ্বেতার কৃষক বাবার হাতে ধরিয়ে দেওয়া হয় ১,০২,৬৭৩ টাকার বিল।
বিল থেকেই দেখা যাচ্ছে শ্বেতার বাবা সেই সময় মাত্র ১০ হাজার টাকা দিতে সক্ষম হয়েছিলেন। বাকি থেকে যায় ৯২, ৬৭৩ টাকা। বিষয়টি নিয়ে গৌতম বুদ্ধ নগরের চিফ মেডিকেল অফিসারকে জানিয়েছেন মৃতের বাবা।

মিরাটের হতভাগ্য কৃষক যোগিন্দার সিং-এর বক্তব্য, তাঁর মেয়ে মারা গিয়েছে। আর চার ঘণ্টার চিকিৎসায় বিল ধরানো হয়েছে একলক্ষ টাকা। তিনি সেটা দিতে পারবেন না বলেও জানিয়েছেন। বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশাবাদী তিনি।
হতভাগ্য বাবার আরও অভিযোগ, হাসপাতালের কর্মীদের বিষয়টি নিয়ে প্রশ্ন করাতেই তৎক্ষনাৎ তাঁকে ২০ হাজার টাকা দিয়ে মুখ বন্ধ করার প্রস্তাব দেওয়া হয়।
ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন, গৌতম বুদ্ধ নগরের চিফ মেডিকেল অফিসার।
দিন কয়েক আগে গুরগাঁও-এর ফর্টিস হাসপাতালের বিরুদ্ধে ডেঙ্গি আক্রান্ত ৭ বছরের শিশুর জন্য ১৬ লক্ষ টাকার বিল করার অভিযোগ উঠেছিল। যদিও শিশুটি বাঁচেনি। অন্যদিকে, দিল্লির শালিমার বাগের ম্যাক্স হাসপাতালের বিরুদ্ধে জীবিত সদ্যোজাতে মৃত বলে ঘোষণার অভিযোগ উঠেছিল।












Click it and Unblock the Notifications