বিজেপি-তে এলেন প্রাক্তন সেনাধ্যক্ষ জেনারেল ভি কে সিং

তিনি যে বিজেপি-তে যোগ দেবেন, তা অনুমান করা গিয়েছিল ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর। ওইদিন হরিয়ানার রেওয়ারিতে একটি নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁকে এক মঞ্চে দেখা গিয়েছিল। দু'দিন আগেই বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, বিজেপি-তে যোগ দিচ্ছেন জেনারেল ভি কে সিং।
শনিবার ইন্ডিয়া গেট থেকে বিজেপি সদর দফতরে হেঁটে আসেন তিনি। সঙ্গে অবসরপ্রাপ্ত আরও কয়েকজন সেনা অফিসার। দলে যোগ দিয়ে প্রাক্তন সেনাধ্যক্ষ আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, "দেশের উন্নতি ঘটাতে গেলে একটি জাতীয়তাবাদী শক্তি অবশ্যই প্রয়োজন। বিজেপি হল সেই শক্তি। নরেন্দ্র মোদী হলেন সেই শক্তি। তাই এই দলে আসার সিদ্ধান্ত নিলাম। কর্মজীবনে দেশের সেবা করেছি। অবসরের পরও এবার দেশের সেবা করতে পারব।"
জেনারেল বিজয়কুমার সিংয়ের কথাকে সমর্থন করে দলের সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিং বলেন, "সেনাকর্মীরা জেগে থাকেন বলে আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি। অথচ দেখুন, ইউপিএ সরকার সেনাকর্মীদের মঙ্গলে কতটা উদাসীন। সম্প্রতি আইএনএস সিন্ধুরত্ন ডুবোজাহাজে দুর্ঘটনা ঘটল। আমার কাছে খবর আছে, ওটার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। ওটা আর চলার কথাই নয়। এই হল আমাদের সরকারের দায়িত্ববোধ। কখনও পাকিস্তান, কখনও চীন সীমান্ত পেরিয়ে এসে আমাদের সেনাদের মেরে দিয়ে চলে যাচ্ছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালাচ্ছে। আর আমরা তাদের শুধু অনুনয়-বিনয় করছি। কারণ এই সরকারের কোনও দৃঢ়তা নেই। আমরা অস্ত্র নিজেদের দেশে না বানিয়ে আনছি বিদেশ থেকে। এর ফলে প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়ছে। সরকার কিছু ভাবছে না। এ সবই বদলাবে যদি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন।"
বিজয়কুমার সিং-কে যোগদান করিয়ে বিজেপি একটি মাস্টারস্ট্রোক দিল বলে মনে করা হচ্ছে। কারণ এর ফলে সেনা জওয়ান এবং তাদের পরিবারের ভোটের একটা বড় অংশ বিজেপি পাবে বলে আশা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications