বায়ুসেনার প্রধানের দায়িত্বে ফের বঙ্গসন্তান
কলকাতা, ৩০ অক্টোবর : অপেক্ষার শেষ। ৫৪ বছর পর ভারতীয় বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব পেতে চলেছেন ফের এক বাঙালি। সুব্রত মুখোপাধ্যায়ের পর এবার অরূপ সাহা।
এ কে ব্রাউনের পরবর্তী বায়ুসেনার প্রধান হিসাবে মঙ্গলবারই অরূপ সাহার নাম ঘোষণা করেছে কেন্দ্র। বর্তমানে বায়ু সেনার দ্বিতীয় শীর্ষ পদ অর্থাৎ ভাইস চিফ পদে নিযুক্ত ছিলেন বৈদ্যবাটির অরূপ সাহা। এদিন নাম ঘোষণার পরেই তাঁর প্রথম প্রতিক্রিয়া ছিল, ''পূর্বসূরিরা যে মান তৈরি করে দিয়ে গিয়েছেন তা বজায় রাখাই আমার প্রধান লক্ষ্য।''
সেনাপ্রধান হিসাবে জয়ন্ত নাথ চৌধুরি ও শঙ্কর রায়চৌধুরি এই দুই বঙ্গসন্তানকে পেয়েছে ভারত। অধর কুমার চট্টোপাধ্যায় দেশের একমাত্র বাঙালি নৌপ্রধান। বায়ুসেনার সর্বোচ্চ পদে অরূপবাবুর একমাত্র বাঙালি পূর্বসূরি সুব্রত মুখোপাধ্যায়। শুধু প্রথম বাঙালিই নন, স্বাধীনতার পর বায়ুসেনার প্রথম ভারতীয় প্রধান সুব্রতবাবুই। ১৯৫৪ সালে কার্যভার গ্রহণের পর ১৯৬০-এ আকস্মিক মৃত্যুর আগে পর্যন্ত ওই পদে ছিলেন তিনি। সুব্রতবাবুর পর দ্বিতীয় বাঙালি হিসাবে বায়ুসেনার প্রধান হতে চলেছেন ৫৯ বছর বয়সী এয়ার মার্শাল।
কলকাতাতেই জন্ম অরূপবাবুর। অরূপবাবু যখন পুরুলিয়ার সৈনিক স্কুলের ছাত্র, সেই সময়েই কলকাতা ছেড়ে বৈদ্যবাটিতে গিয়ে পাকাপাকি ভাবে বসবাস শুরু করেন তাঁর বাবা ননীগোপাল রাহা। সৈনিক স্কুল থেকে বেরিয়ে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে প্রশিক্ষণ শেষ করে ১৯৭৪ সালের ডিসেম্বরে যুদ্ধবিমানের পাইলট হিসেবে বায়ুসেনায় যোগদেন অরূপবাবু। তিনি কৃতী ছাত্র, বায়ুসেনার কোনও পরীক্ষাতেই দ্বিতীয় হননি। প্রায় চার হাজার ঘণ্টা উড়ানের অভিজ্ঞতা রয়েছে এই দুঁদে পাইলটের। এক সময়ে দাপটে উড়িয়েছেন সব ধরনের মিগ যুদ্ধবিমান।
৩৯ বছরের দীর্ঘ কর্মজীবনে নানা গুরুত্বপূর্ণ পদ সামলেছেন অরূপবাবু। পাক-সীমান্ত এলাকার দায়িত্বপ্রাপ্ত বায়ুসেনার সাউথ-ওয়েস্টার্ন কম্যান্ড, ওয়েস্টার্ন কম্যান্ডের প্রধান ছিলেন এক সময়ে। আবার ইউক্রেনে ভারত সরকারের সম্মানজনক এয়ার-এটাশে পদেও নিযুক্ত হয়েছেন। কিন্তু এ বার তিন বছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁর।












Click it and Unblock the Notifications