ট্রেন সফরে যাত্রীরা কতটা বিষাক্ত খাবার ও দূষিত জল পান করেন, ক্যাগের চাঞ্চল্যকর রিপোর্ট
ভারতীয় রেলে যে খাবার দেওয়া হয়, তা মানুষের খাওয়ার উপযুক্ত নয়, সংসদে পেশ হওয়া ক্যাগের রিপোর্টে এমনটাই বলা হয়েছে। ৭৫ শতাংশ যাত্রীই খাবারের পরিচ্ছন্নতা ও মান নিয়ে সন্তুষ্ট নন
ভারতীয় রেলে যে খাবার দেওয়া হয়, তা মানুষের খাওয়ার উপযুক্ত নয়। শুক্রবার সংসদে পেশ হওয়া কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (ক্যাগ) রিপোর্টে এমনই বলা হয়েছে।
রেলের সঙ্গে যৌথ ভাবে ৭৪টি স্টেশন এবং ৮০টি ট্রেনে সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছে ক্যাগ। রিপোর্টে প্রাথমিকভাবে স্বাস্থ্যবিধি, ক্রয়ক্ষমতা, মান ও খাবার পাওয়ার বিষয়টি পর্যালোচনা করা হয়েছে। অভিযোগের নিরসন ঘটানোর প্রক্রিয়া আদৌ সক্রিয় নয় বলেই সমীক্ষায় জানিয়েছে ক্যাগ।

ক্যাগের রিপোর্টে উল্লেখযোগ্য বিষয়গুলি হল:
১) ৭৫ শতাংশ যাত্রীই খাবারের পরিচ্ছন্নতা ও মান নিয়ে সন্তুষ্ট নন।
২) স্টেশনে যে জুস, বিস্কুট ইত্যাদি বিক্রি করা হয়, সেগুলি মানুষের খাওয়ার উপযুক্ত নয়। বেশির ভাগ ক্ষেত্রেই খাবারগুলি মেয়ার উত্তীর্ণ। প্যাকেজড জলের ক্ষেত্রে নথিভুক্ত নয়, এমন ব্র্যান্ডের বোতল বিক্রি করা হয়। জলের মান নিয়েও রয়েছে প্রশ্ন।
৩) ২২ টি ট্রেনে চা, কফি, স্যুপ তৈরি হয় অপরিষ্কার জল দিয়ে। সমীক্ষা চালানো ১১ টি জোনের স্টেশনগুলির মধ্যে ২১টিতেই বিশুদ্ধ জল মেলেনি। ট্রেনের সাধারণ জল দিয়েই খাবার রান্না করা হয়।
৪) প্যান্ট্রিতে খাবার ঢেকে রাখা হয় না। মাছি পোকামাকড় বসে সেগুলিকে নোংরা করে। ডাস্টবিনেওো ঢাকনা নেই। সেগুলিও নিয়মিত পরিষ্কার করা হয় না। দুরন্ত এক্সপ্রেসসহ অনেক ট্রেনের প্যান্ট্রিতেই আরশোলা, ইঁদুর ঘুরে বেড়ায়।
৫) বিক্রি না হওয়া খাবার রেখে পরে যাত্রীদের দেওয়া হয়। রুটি-পরোটার ক্ষেত্রে এই অনিয়ম হয় বলে জানিয়েছে ক্যাগ।

৬) যাত্রী অভিযোগের সংখ্যা বাড়লেও, তার সমাধানে পদক্ষেপ করার কোনও প্রক্রিয়া নেই।
৭) খাবারের মানই শুধু নয়, দাম নিয়েও প্রশ্ন তুলেছে ক্যাগ। রিপোর্টে বলা হয়েছে, যাত্রীদের খাবারের দামের বিল দেওয়া হয় না। বিভিন্ন ট্রেনে খাবারের দামও আলাদা।
৮) বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনে প্যান্ট্রি কার নেই। ফলে ফেরিওয়ালারা খাবার বিক্রি করছেন। রেল প্রশাসন খাবারের মান বাড়ানোর জন্য যে ব্যবস্থা নিয়েছিল, সেটা কার্যকর হয়নি।
ভারতীয় রেলে প্রতিদিন গড়ে ২ কোটি ২২ লক্ষ মানুষ যাতায়াত করেন। বিশ্বের সবচেয়ে বড় রেল ভারতেই। অথচ সেখানেই খাবারের মান নিয়ে প্রশ্ন উঠেছে।
ক্যাগ রিপোর্টে ভারতীয় রেলে খাবারের মান বাড়ানোর জন্য ক্যাটারিং ব্যবস্থাকে ঢেলে সাজানোর সুপারিশ করা হয়েছে । স্টেশনগুলিতে স্বল্পমূল্যের জনতা মিল এবং পরিচ্ছন্নতা দেখভাল করার জন্য নিয়মিত নজরদারির কথাও বলা হয়েছে।












Click it and Unblock the Notifications