Budget 2025: অগ্নিমূল্য খাদ্যপণ্যের দাম কমবে? বাজেটের আগে আর্থিক সমীক্ষায় বড় ইঙ্গিত
Budget 2025: রাত পোহালেই সংসদে বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। বাজেটে নিত্যপ্রয়োজনীয় জিনিসের পাশাপাশি খাদ্যপণ্যের (Food Items) দাম কমবে কি না তা নিয়েও সন্দিহান আপামর জনতা।
বাজারে গেলে কার্যত নাভিঃশ্বাস ওঠার জোগাড়। কমার নামই নিচ্ছে খাদ্যদ্রব্যের দাম। শুক্রবার সংসদের দুই কক্ষে প্রকাশিত আর্থিক সমীক্ষার (Economic Survey Report) রিপোর্ট ব্যাখ্যা করা হল তার কারণ। সমীক্ষায় বলা হয়েছে, সার্বিকভাবে মুদ্রাস্ফীতি (Inflation) কিছুটা কমলেও ভারতে খাদ্যদ্রব্যের দাম চড়াই রয়েছে।

খুচরো মুদ্রাস্ফীতি (Retail Inflation) গত অর্থবর্ষে ছিল ৫.৪ শতাংশ। যা চলতি অর্থবর্ষে ৪.৯ শতাংশে এসে দাঁড়িয়েছে। সাধারণত খাদ্যদ্রব্য ও জ্বালানি ব্যতীত অন্যান্য জিনিসপত্রের দামে পতনের জেরে খুচরো মুদ্রাস্ফীতি কমেছে। কিন্তু খাদ্যদ্রব্যের চড়া দামে কোনও পরিবর্তন নেই।
অনেক দেশেই খাবারের দামে পতন লক্ষ্য করা গিয়েছে। তার মূল কারণ আগের থেকে সরবরাহ বৃদ্ধি ও ফসল উৎপাদনের অনুকূল পরিবেশ। কিন্তু উল্টোটা দেখা গিয়েছে ভারত, চিন ও ব্রাজিলে। ভারতে গত অর্থবর্ষে ৭.৫ শতাংশ থেকে এই অর্থবর্ষে ৮.৪ শতাংশে উঠে গিয়েছে খাদ্য মুদ্রাস্ফীতির হার। সরবরাহে বাধা বিঘ্ন ও আবহাওয়ার খামখেয়ালিপনার কারণেই শাকসবজি, দানাশস্যের দাম লাফিয়ে বেড়ে গিয়েছে।
তবে দানাশস্যের থেকেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শাকসবজি। কখনও ঘূর্ণিঝড়, খরা বা কখনও অতিবৃষ্টির কারণে চাষবাসে ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে আর্থিক সমীক্ষায়। তবে নতুন বাজেটে কি খাদ্যদ্রব্যের উপর দামে লাগাম আসবে? সমীক্ষায় দাবি, আগত কয়েক মাসে কমতে পারে খাদ্যপণ্যের দাম। বাজারে নতুন খরিফ শস্য আসায় দাম কম হতে পারে বলে উল্লেখ রিপোর্টে।
যদিও বিশ্বব্যাপী কৃষিজাত পণ্যের দামবৃদ্ধি ও আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে দাম বাড়ার আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশ্বব্যাপী বিভিন্ন দ্রব্যের দাম সাম্প্রতিক কম হলেও রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার জেরে যেকোনও সময় ভবিষ্যতে ফের দাম বাড়তেই পারে।












Click it and Unblock the Notifications