ফের লালুর সাজা পিছল রাঁচির সিবিআই আদালত, এই নিয়ে পরপর দু'দিন
ফের একবার পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত রাষ্ট্রীয় জনতা দল প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের সাজা ঘোষণা পিছিয়ে গেল।
ফের একবার পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত রাষ্ট্রীয় জনতা দল প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের সাজা ঘোষণা পিছিয়ে গেল। বুধবার সাজা ঘোষণা হওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে বৃহস্পতিবার করা হয়। এক আইনজীবী প্রয়াত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এদিন সাজা ঘোষণার কথা থাকলেও ফের তা পিছিয়ে গিয়েছে। জানা গিয়েছে শুক্রবার সাজা ঘোষণা হবে।

গতবছরের ২৩ ডিসেম্বর বিশেষ সিবিআই আদালত লালু সহ বাকীদের পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী বলে ঘোষণা করে জেলে পাঠায়। এই মামলা ছাড়াও পশুখাদ্য কেলেঙ্কারি নিয়ে আরও তিনটি মামলায় ট্রায়াল চলছে লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে।
পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় লালু সহ মোট ১৫ জনের বিরুদ্ধে ৮৯.২৭ লক্ষ টাকা ১৯৯১ থেকে ১৯৯৪ সালের মধ্যে দেওঘর ট্রেজারি থেকে তছরুপ করে তোলার অভিযোগ প্রমাণিত হয়েছে।
লালুর বিরুদ্ধে গুরুতর অপরাধ প্রমাণিত হয়েছে। ফলে তিন থেকে সাত বছরের মধ্যে সাজা হবে লালুপ্রসাদের। তিন বছরের বেশি সময়ের জন্য সাজা হলে লালু জামিনের আবেদন করতে পারবেন না।
এই মামলায় লালু দোষী সাব্যস্ত হলেও বিহারের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রর বিরুদ্ধেও অভিযোগ উঠেছিল। তবে তিনি ছাড়া পেয়ে যান। জগন্নাথ সহ মোট ছয় জনের বিরুদ্ধে আনা অভিযোগ আদালত খারিজ করে দিয়েছে।












Click it and Unblock the Notifications