শহরের গরিব ও পরিযায়ীরা সাশ্রয়ী মূল্যে মাথার উপর ছাদ পাবেন! বড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের
বৃহস্পতিবার দ্বিতীয় দফায় আর্থিক প্যাকেজের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। গতকাল ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্পের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণার পর আজ তাঁর প্যাকেজের ঘোষণার কেন্দ্রবিন্দুতে চাষি, ভিনরাজ্যের শ্রমিক ও হকাররা রয়েছে বলে জানালেন তিনি।

শহরের শ্রমিক ও গরিবদের জন্য সাশ্রয়ী মূল্যের ভাড়া বাড়ি
এদিন অর্থমন্ত্রী বলেন, 'পরিযায়ী শ্রমিক ও শহুরে দরিদ্রদের জন্য সাশ্রয়ী মূল্যের ভাড়া বাড়ি বা আবাসন প্রকল্প আনবে কেন্দ্র। তা পিপিপি মডেলে করা হবে। সরকারি সাহায্যপ্রাপ্ত অনেক আবাসনকেও এই প্রকল্পে আনা হচ্ছে। রাজ্যের শ্রমিকরাও সেখানে ভাড়া থাকতে পারবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় এই ঘরগুলি তৈরি হবে।'

রাজ্যগুলিকে প্রায় ১১ হাজার কোটি টাকা দেয় কেন্দ্র
শহরে থাকা দরিদ্রদের জন্য ত্রাণের কথা বলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেন, ভারত সরকার রাজ্য বিপর্যয় প্রতিক্রিয়া তহবিলের আওতাভুক্ত কর্মীদের সহায়তার জন্য রাজ্যগুলিকে প্রায় ১১ হাজার কোটি টাকা দেয়। রাজ্যগুলি এই টাকা ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের আশ্রয় ও খাবার সরবরাহের জন্য ব্যবহার করবে।

শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে কেন্দ্রের তরফে
এছাড়া যে সব শ্রমিকরা ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে কাজ করেন, তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে কেন্দ্রের তরফে। শ্রমিকদের নিয়োগপত্র দেওয়া হবে, বছরে এক বার স্বাস্থ্যপরীক্ষা করা হবে। যে সব সংস্থায় ১০ জনের কম কর্মী আছে, সেগুলিতেও ইএসআই-এর আওতায় আনা হবে।

ফুটপাতের হকারদের ৫০০০ কোটি টাকার প্যাকেজ
ফুটপাতের হকারদের ৫০০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা। ৫০ লক্ষ ফুটপাতের হকার রয়েছেন ভারতে। লকডাউন পরবর্তী সময় ব্যবসা চালু করতে সাহায্য করতে এদের ঋণ সহযোগিতা দেওয়া হবে। ডিজিটাল পেমেন্ট করা ফুটপাতের হকারদের বিশেষ সুবিধা দেওয়া হবে। এরা কোনও গ্যারান্টি ছাড়াই ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। এক মাসের মধ্যেই এই প্রকল্প চালু করা হবে কেন্দ্রের তরফে।












Click it and Unblock the Notifications