ভিন রাজ্যে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত দুর্গাপুরের ৫
বেঙ্গালুরুতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল দুর্গাপুরের পাঁচ বাসিন্দার। তাঁরা একই পরিবারের সদস্য। যে গাড়িতে তাঁরা যাচ্ছিলেন, সেই গাড়ির সঙ্গেএকটি অ্যাম্বুলেন্সের ধাক্কা লাগে বলে জানা গিয়েছে।
বেঙ্গালুরুতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল দুর্গাপুরের পাঁচ বাসিন্দার। তাঁরা একই পরিবারের সদস্য। যে গাড়িতে তাঁরা যাচ্ছিলেন, সেই গাড়ির সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের ধাক্কা লাগে বলে জানা গিয়েছে। অ্যাম্বুলেন্সের চালক ও নার্স আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। সোমবার এই দুর্ঘটনা ঘটে। এদিকে একই পরিবারের পাঁচজনের মৃত্যুতে শোকের ছায়া তাঁদের দুর্গাপুরের বাড়িতে।

শহরের উত্তরে ইয়াহালঙ্কায় এয়ারপোর্ট রোডে কোগিলু ক্রস-এ এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে এয়ারপোর্টের দিক থেকে পরিবারের পাঁচ সদস্য ফিরছিলেন। সেই সময় অ্যাম্বুল্যান্সের সঙ্গে ধাক্কা লাগে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অ্যাম্বুলেন্সের চালকের ভুলেই দুর্ঘটনা। বিপরীত দিক থেকে আসা গাড়িতে ধাক্কার আগেই তিনি ঝাঁপ দেন বলে জানা গিয়েছে। তাঁর অবস্থা গুরুতর না হলেও, অপর গাড়িতে থাকা পাঁচজনের মৃত্যু হয় বলে জানিয়েছেন, ইহালঙ্কা ট্রাফিক পুলিশ স্টেশনের ইনস্পেক্টর।
দুর্ঘটনা এতটাই ভয়ানক ছিল যে, পাঁচজনের দেহ বের করতে দমকল বাহিনীকে ডাকতে হয়। পরে দেহ নিয়ে যাওয়া হয় ইহালঙ্কা সরকারি হাসপাতালে।
মৃতদের মধ্যে রয়েছেন, দীপঙ্কর দে(৪৬), তাঁর স্ত্রী স্বাগতা চৌধুরী(৪২), তাঁদের সন্তান ধ্রুব দে(১৪), পরিবারের সদস্য সুজয়(৪৫) এবং তাঁদের মা জয়ন্তী(৬৫)। পশ্চিমবঙ্গে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদি অ্যাম্বুলেন্স চালকের ভুল প্রমাণিত হয়, তাহলে তাঁকেও গ্রেফতার করা হতে পারে।












Click it and Unblock the Notifications