পাঁচ দশকের পুরনো ঋণ-সম্পর্ক, মোদীর শপথে এসেও রাহুল-সনিয়া-প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরেছিলেন হাসিনা
তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েই প্রতিবেশী দেশে বড় সংকট, সেই সঙ্গে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি নরেন্দ্র মোদী সরকারের। বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়েই ভারতে এসেছে শেখ হাসিনা। আপাতত অজ্ঞাতবাসে তিনি। সোমবার বাংলাদেশ ছাড়ার আগে তাঁর ছবি পাওয়া গিয়েছিল। তারপর আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেলেও প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখা যায়নি।
গত জুনে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে এসে তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখা করেছিলেন কংগ্রেস সংসদীয় দলের প্রধান সনিয়া গান্ধীর সঙ্গে। আলিঙ্গন করেছিলেন তাঁরা। সেই সময় উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। হবে নাই বা কেন, শেখ হাসিনার সঙ্গে গান্ধী পরিবারের সম্পর্ক প্রায় পঞ্চাশ বছরের।

টানা ছয় বছর ভারতে ছিলেন শেখ হাসিনা
সোমবার যেভাবে শেখ হাসিনা ভারতে এসেছিলেন, তা প্রথম নয়। পাঁচ দশকের বেশি সময় আগে তিনি একইভাবে ভারতে এসেছিলেন। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী শেখ হাসিনার পরিবারকে আশ্রয় দিয়েছিলেন। সেই সময় প্রায় ছয় বছর ভারতে ছিলেন শেখ হাসিনা।
১৯৭৫-এ ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা
প্রসঙ্গত, শেখ হাসিনা ২৮ বছর বয়সে ভারতে আশ্রয়ের জন্য আসেন। ১৯৭৫ সালে বাংলাদেশে সেনা অভ্যুত্থানে তৎকালীন সেখানকার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, তাঁর স্ত্রী ও তিন পুত্র-সহ শেখ হাসিনার পরিবারের অন্য সদস্যদের হত্যা করা হয়। সেই সময় শেখ হাসিনা তাঁর স্বামীর সঙ্গে জার্মানিতে ছিলেন। তার পরবর্তী সময়ে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানাকে দিল্লির লাজপত নগরের ৫৬ রিং রোডের বাড়িতে আশ্রয় দেন। পরবর্তী সময়ে তাঁদেরকে দিল্লির পান্ডারা পার্কের বাড়িতে স্থানান্তরিত করা হয়। এইভাবে ১৯৮১ সাল পর্যন্ত দিল্লিতেই কাটে শেখ হাসিনার।
ভারতে আসলেই গান্ধী পরিবারের সঙ্গে সাক্ষাৎ
ইন্দিরা গান্ধীর সেই সাহায্যের কথা ভোলেননি শেখ হাসিনা। যে কারণে আওয়ামি লিগের সভানেত্রী ভারতে আসলেই গান্ধী পরিবারের সঙ্গে দেখা করেন। গান্ধী পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক অত্য সৌহার্দ্যপূর্ণ।
১০ জুন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের অনুষ্ঠানে যোগ দিতে ভারতে এসেছিলেন শেখ হাসিনা। অনুষ্ঠানের পরে তিনি দেখা করেছিলেন সনিয়া গান্ধীর সঙ্গে। গান্ধী পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হওয়ার পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সনিয়া গান্ধীর পাশাপাশি রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকেও জড়িয়ে ধরেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত হয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়েরও। কংগ্রেসের তরফে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে তথ্য দেওয়া হয়েছিল।












Click it and Unblock the Notifications