ভারত-ফ্রান্স সাংস্কৃতিক বন্ধনে নতুন অধ্যায়! ফ্রান্সে প্রথম হিন্দু মন্দিরের জন্য ভারত থেকে পৌঁছল প্রথম পাথর
ভারত এবং ফ্রান্সের সাংস্কৃতিক সম্পর্কের ইতিহাসে শুরু হল এক নতুন অধ্যায়। প্যারিসের কাছে বুসি-সাঁ-জর্জে একটি হিন্দু মন্দির নির্মাণ হতে চলেছে। আর সেই মন্দিরের জন্যেই ভারত থেকে প্রথম খোদাই করা পাথর পৌঁছেছে ফ্রান্সে। ফ্রান্সে প্রথম হিন্দু মন্দিরের নির্মাণকাজ সেই পাথর দিয়েই শুরু হবে।

BAPS (Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha)-এর উদ্যোগে ভারত থেকে পাঠানো এই পাথরগুলি প্রাচীন ঐতিহ্যবাহী পদ্ধতিতে তৈরি হয়েছে। ভারতের দক্ষ শিল্পীদের হাতে খোদাই করা এই পাথরগুলিতে অনেক শতাব্দীর শিল্পরীতির ছাপও রয়েছে। ফ্রান্সে এগুলি এনে স্থানীয় শিল্পীদের সাথে যৌথভাবে মন্দির নির্মাণ করা হবে।
এই প্রকল্পে এমন এমন ফরাসি কারিগররাও যুক্ত থাকবেন, যাঁরা নোত্র-দাম ক্যাথেড্রালের পুনর্নির্মাণ কাজেও অংশ নিয়েছিলেন। এর ফলে ভারতীয় ঐতিহ্য এবং ফরাসি শিল্পকলার এক অনন্য মেলবন্ধন ঘটতে চলেছে।
এই মন্দির শুধু উপাসনার জায়গা হিসেবেই নয়, সংস্কৃতি, শিক্ষা এবং সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবেও গড়ে তোলা হবে। দুই দেশের বন্ধুত্বের মধ্যে এক স্থায়ী প্রতীক হয়ে উঠবে এই মন্দির।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জীব কুমার সিংলা-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। তাঁরা এই প্রকল্পকে ভারত এবং ফ্রান্স সহযোগিতার একটি ঐতিহাসিক উদাহরণ বলেও উল্লেখ করেছেন। ফরাসি বিদেশ মন্ত্রকের প্রতিনিধিরাও জানিয়েছেন যে, ফ্রান্সে এরকম ধরনের হিন্দু মন্দির এই প্রথম তৈরি হতে চলেছে।












Click it and Unblock the Notifications