রাজধানীতে ১৫ ঘণ্টা পরেও জ্বলছে আগুন! চাওয়া হল বায়ুসেনার সাহায্য
দিল্লিতে রবারের গুদামে লাগা ভয়াবহ আগুন নেভাতে এখনও বেশ কয়েক ঘণ্টা সময় লাগবে। আগুন নেভাতে বায়ুসেনার সাহায্য চাওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে দক্ষিণ দিল্লির মালভিয়া নগরে আগুন লাগে।
দিল্লিতে রবারের গুদামে লাগা ভয়াবহ আগুন নেভাতে এখনও বেশ কয়েক ঘণ্টা সময় লাগবে। আগুন নেভাতে বায়ুসেনার সাহায্য চাওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে দক্ষিণ দিল্লির মালভিয়া নগরে আগুন লাগে। খবর পাওয়ার পরে সেখানে যায় দমকলের ৪০ টি ইঞ্জিন। পরে আরও ৪০ টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। সাম্প্রতিক কালে রাজধানী দিল্লিতে এই ধরনের আগুন লাগার ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল ৫ টা নাগাদ মালভিয়া নগরের খিড়কি এক্সটেনশনে আগুন লাগে। এখনও পর্যন্ত সব মিলিয়ে প্রায় ৮০ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে দমকলকর্মীরা চেষ্টা করে যাচ্ছেন, যাতে এই আগুন পাশে কোথাও ছড়িয়ে না পড়ে। এই আগুন লাগার জেরে দক্ষিণ দিল্লির অনেক অংশেই কালো ধোঁয়া দেখা যাচ্ছে। আশপাশেরর বসতির বেশ কিছু বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের তরফে বায়ুসেনার সাহায্য চাওয়ার পরে, হেলিকপ্টারে ঘটনাস্থলে সার্ভে করে বায়ুসেনা। পাশেই রয়েছে সন্ত নিরাঙ্কারি পাবলিক স্কুল। আগুন লাগার সময়ে স্কুলে সেরকম কেউ ছিলেন না।
দমকল সূত্রে জানা গিয়েছে, এলাকর রাস্তা সংকীর্ণ হওয়ায় দমকলের গাড়ি ঢুকতে অসুবিধা হচ্ছে। এছাড়াও গোডাউনে প্লাস্টিক ও অন্য দাহ্য বস্তু মজুত থাকায় আগুন নেভাতে সময় লাগছে।












Click it and Unblock the Notifications