Maha Kumbh Mela Fire: রবির আগুনে পুড়ে ছাই ১৮০টি তাঁবু, কোটি টাকার ক্ষয়ক্ষতি; সোমে মহাকুম্ভে ফের আগুন
Maha Kumbh Mela Fire: রবিবার মহাকুম্ভ মেলায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের (Massive Fire) পর সোমবার ফের আগুন লাগল মেলায়। সূত্রের খবর, ৫ নম্বর সেক্টরে এদিন সকালে আগুন লাগার ঘটনা ঘটে। লুচি ভাজার সময় কোনওভাবে আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে।
রাম দাস আশ্রমের রান্নাঘর (Kitchen) থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। তবে দমকল কর্মীদের তৎপরতায় সঙ্গে সঙ্গে আগুন নেভানো সম্ভবপর হয়। রবিবারই সন্ধেবেলা ২টি সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন লেগে যায় মহাকুম্ভ মেলায়। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় প্রচুর ক্যাম্প।

১৮০টি কটেজ পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। মূলত গোরক্ষপুর গীতা প্রেসের (Gita Press Gorakhpur) ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ কুমার খেমকার দাবি, আগুন থেকে বাঁচতে আগে থেকেই সাবধানতা অবলম্বন করে ১৮০টি কটেজ তৈরি করা হয়েছিল। তবু এড়ানো গেল না দুর্ঘটনা।
কার্যত চোখের নিমেষে গোটা এলাকা পুড়ে ছাই হয়ে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। কটেজে থাকা কোটি কোটি টাকার মূল্যবান জিনিসও আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। যদিও গতকালের আগুনে কোনও প্রাণহানি হয়নি।
আগুন থেকে বাঁচতে গিয়ে জখম হয়েছেন এক জন। পায়ে চোট পেয়ে সংজ্ঞা হারিয়ে ফেলেন তিনি। যদিও সঙ্গে সঙ্গে তাঁকে কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে প্রয়াগরাজের স্বরূপ রানি মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। বর্তমানে সে সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, গীতা প্রেস গোরক্ষপুরের ক্যাম্পে বিকেল ৪টে বেজে ১০ মিনিট নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রান্নাঘর থেকে সিলিন্ডার লিক করেই তাতে আগুন ধরে যায়। যদিও ৫টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
এদিকে রবিবার অগ্নিকাণ্ডের পর সোমবার অগ্নি নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা জারি করল উত্তরপ্রদেশ সরকার (Uttar pradesh Government)। মেলার কোথাও আগুন দেখলেই জরুরি নম্বরে ফোন করে জানানোর জন্যে নির্দেশিকা জারি করা হয়েছে।
দুর্ঘটনা ঘটলে মেলা কন্ট্রোল, স্থানীয় পুলিশ ও দমকলকে যথাক্রমে ১১২, ১৯২০ ও ১০৯০ নম্বরে ফোন করে জানাতে বলা হয়েছে সরকারের নির্দেশিকায়। আতঙ্কিত না হয়ে দুর্ঘটনার সময় ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে তাতে। অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপদ দূরত্ব বজায় রেখে আগুন নেভানোর কাজ করতে বলা হয়েছে।
এছাড়াও সিলিন্ডারে আগুন লাগার ঘটনায় সিলিন্ডারকে ভিজে কাপড় বা চাদর দিয়ে জড়িয়ে আগুন নেভানোর পরামর্শ দেওয়া হয়েছে। রবিবার অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নিয়েই সোমবার নির্দেশিকায় একগুচ্ছ পরামর্শ দিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার।












Click it and Unblock the Notifications