তামিলনাড়ুতে ফরেস্ট ফায়ার! মৃতের সংখ্যা বেড়ে ৯, উদ্ধার কাজে বায়ুসেনা
তামিলনাড়ুতে ফরেস্ট ফায়ারে মৃত্যু হল কমপক্ষে ৯ জনের। এখনও বেশ কয়েকজন নিখোঁজ। ঘটনাটি ঘটে রবিবার বিকেলে। যদিও প্রশাসনের তরফ থেকে মৃত্যুর কোনও খবর স্বীকার করা হয়নি।
তামিলনাড়ুতে ফরেস্ট ফায়ারে মৃত্যু হল ৯ জনের। ঘটনাটি ঘটে রবিবার বিকেলে। যদিও প্রশাসনের তরফে প্রথমে মৃত্যুর কোনও খবর স্বীকার করা হয়নি। ট্রেকিং দলটির মধ্যে বহু মহিলা সদস্য ছিলেন বলে জানা গিয়েছে। চেন্নাই, তিরুপুর এবং ইরোড থেকে তাঁরা এসেছিলেন।

দুটি দলে ভাগ হয়ে কমপক্ষে ৩৯ জন তামিলনাড়ুর থেনি জেলার কুরাঙ্গনি হিলে গিয়েছিলেন ট্রেকিং করতে। কিন্তু এই ট্রেকিং যে তাঁদের কাছে বিভীষিকাময় হয়ে উঠবে, তা কে জানত।
প্রত্যন্ত এলাকা হওয়ায় সেখানে মোবাইল সংযোগও তেমন ছিল না। ফলে খবর পৌঁছতে দেরি হয়। প্রাথমিক ভাবে উদ্ধার কাজে হাত লাগান আদিবাসী ও স্থানীয় গ্রামবাসীরা।
পশ্চিমঘাট পর্বতে কুরাঙ্গনি থেকে বেদিতে এই ট্রেকিং-এর আয়োজন করেছিল চেন্নাইয়ের একটি ট্রেকিং ক্লাব। শুক্রবার রাতে এই ট্রেকিং শুরু হয়। শনিবার তাঁরা কেরলের দিকে ফরেস্টে পৌঁছে যান। রবিবার সকালে তামিলনাড়ু সীমানার কুরাঙ্গনি থেকে যাত্রা শুরু করেন। বিকেলেই তাদের বেদিতে পৌঁছনোর কথা ছিল।
কিন্তু বিকেলে হঠাৎই ফরেস্ট ফায়ারের মধ্যে পড়ে যান তাঁরা। যদিও তামিলনাড়ুর বন দফতর জানিয়েছে, তাদের কাছে এই ট্রেকিং সম্পর্কে কোনও তথ্য ছিল না। মাদুরাই সার্কেলের ফরেস্ট কনজারভেটর আরকে জিগানিয়া জানিয়েছেন, এই ট্রেকিং অবৈধ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ৯ ট্রেকারের মৃত্যু হয়েছে।
বন দফতর সূত্রে খবর, তাদের কর্মীরা আহতদের নামিয়ে আনার কাজে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ২৭ জনকে বিভিন্ন স্থানে নামিয়ে আনা হয়েছে। আহতদের চিকিৎসার বন্দোবস্তও করা হয়েছে। উদ্ধার কাজে ভারতীয় বায়ুসেনার সাহায্যও নেওয়া হয়েছে। বায়ুসেনার দল হেলিকপ্টারে উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানিয়েছে তামিলনাড়ুর বন দফতর।
রাজ্যের মুখ্যমন্ত্রী পালানিস্বামী জানিয়েছেন, সরকারের তরফে অবৈধ ট্রেকিং-এর ব্যাপারে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে উদ্ধার হওয়া ২৭ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের সকলের জখম ছোটখাটো।












Click it and Unblock the Notifications