দেশজুড়ে করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত, কতক্ষণ খোলা থাকবে দেশের টিকাকরণ কেন্দ্র জেনে নিন
কতক্ষণ খোলা থাকবে দেশের টিকাকরণ কেন্দ্র জেনে নিন
দেশে যে দ্রুতহারে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে তাতে দেশের নাগরিকদের করোনা টিকার রক্ষা কবচ ছাড়া আর কোনও উপায় নেই। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ইতিমধ্যেই রাজ্য ও কেন্দ্রীয় অঞ্চলগুলিকে জানিয়েছে যে কোভিড–১৯ টিকাকরণ কেন্দ্র খোলা রাখার জন্য কোনও সীমিত সময় নেই, তারা চাইলেই টিকাকরণ কেন্দ্র রাত দশটা পর্যন্ত খোলা রাখতে পারে।

টিকাকরণ কেন্দ্র খোলা রাখতে পারে রাত ১০টা পর্যন্ত
স্বাস্থ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব ডাঃ মনোহর আগনানি জানিয়েছেন যে নির্দিষ্ট টিকাকরণ কেন্দ্র সেশনের সময়ের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী খোলা রাখতে পারে। তিনি বলেন, 'কোভিড-১৯ টিকাকরণ কেন্দ্র পরিচালনা করার জন্য কোনও নির্দিষ্ট সময় সীমা বেঁধে দেওয়া হয়নি। নির্দিষ্ট টিকাকরণ কেন্দ্রে সেশনের চাহিদা ও প্রয়োজন সাপেক্ষে তা খোলা রাখা যেতেই পারে। টিকাকরণ কেন্দ্রের সময় নমনীয় ও রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যেতে পারে।'

দেশে সামগ্রিক টিকাকরণ
প্রসঙ্গত, ইতিমধ্যেই দেশজুড়ে সামগ্রিক টিকাকরণ কর্মসূচি ১৫১.৯৪ কোটি অতিক্রম করে ফেলেছে। সোমবার একদিনে দেশে করোনা কেস বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১,৭৯,৭২৩, এই নিয়ে দেশের মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা হল ৩,৫৭,০৭,৭২৭। এর মধ্যে ওমিক্রনের কেসের সংখ্যা ৪,০৩৩টি। কোভিডের এই নতুন ভ্যারিয়েন্ট এখন দেশের ২৭টি রাজ্যে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। অপরদিকে দেশে করোনার সক্রিয় কেসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭,২৩,৬১৯, যা ২০৬ দিনের মধ্যে সর্বোচ্চ। সোমবার দেশে একদিনে মৃত্যু হয়েছে ১৪৬ জনের এবং মৃতের সংখ্যা পৌঁছেছে ৪,৮৩,৯৩৬-এ।

নরেন্দ্র মোদীর বৈঠক
দেশজুড়ে ওমিক্রন ভ্যারিয়েন্টের জেরে যে হারে কোভিড-১৯ কেস বৃদ্ধি পাচ্ছে তাতে উদ্বিগ্ন হয়ে রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কোভিড পরিস্থিতি নিয়ে উচ্চ-পর্যায়ের পর্যালোচনা বৈঠক হয়। মোদী এদিন কোভিডের বিস্তার রোধ করতে মাস্কের ব্যবহার ও সামাজিক দুরত্ব বজায় রাখার ওপর জোর দিয়েছেন। ওমিক্রন সংক্রমণে এখনও দেশে ৩ জনের মৃত্যু হয়েছে। প্রথম জন মহারাষ্ট্রে এবং দু'জন রাজস্থানে মারা গিয়েছে। তবে ওমিক্রন আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তির প্রবণতাও কম থাকছে। করোনা সংক্রমণের হার বাড়লেও তা মারাত্মক না হওয়ায় কেন্দ্র এবং রাজ্যগুলি লকডাউনের পথে এখনই হাঁটতে চাইছে না। তবে জোরদার করা হয়েছে করোনা বিধি। অন্যদিকে, সোমবার থেকেই দেশে শুরু হয়ে গিয়েছে বুস্টার ডোজ।

পাঁচ রাজ্যে লাগামছাড়া সংক্রমণ
স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতি অনুযায়ী, দেশের পাঁচটি রাজ্যে লাগামছাড়া সংক্রমণের কারণে দেশের করোনা গ্রাফ লাফিয়ে বাড়ছে। যার মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, দ্বিতীয় স্থানেই বাংলা। মহারাষ্ট্রের দৈনিক সংক্রমণ ৪৪ হাজারের বেশি, আর বাংলায় তা ২৪ হাজার ছাড়িয়েছে।












Click it and Unblock the Notifications