সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানালেন শবরীমালায় প্রবেশের চেষ্টা করা মহিলা সমাজ কর্মী
সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানালেন শবরীমালায় প্রবেশের চেষ্টা করা মহিলা সমাজ কর্মী
শবরীমালা নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পুনের মহিলা সমাজ কর্মী ত্রুপ্তি দেশাই। বৃহস্পতিবারই সুপ্রিম কোর্ট কেরলের শবরীমালা মন্দিরে সব বয়সের মহিলাদের প্রবেশাধিকার দেওয়া হবে কিনা, সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত নিল না। বরং সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ বিষয়টির গুরুত্ব উল্লেখ করে তা সাত সদস্যের বেঞ্চে পাঠিয়েছে।

সমাজ কর্মী ত্রুপ্তি দেশাই বলেন, 'আজকে শীর্ষ আদালতের সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি। আমার মনে হয়েছে আর কিছুদিন পরই ওই মন্দিরে উৎসব রয়েছে, তাই বিচারপতিদের মনে করেছেন যে কোনও ধরনের সিদ্ধান্তই সেখানে হিংসার ঘটনা ঘটাতে পারে। কিন্তু আমার এটাও মনে হয় যে আদালত যদি আর একটু আগে এই সিদ্ধান্তটা নিত, তাহলে উৎসবের সময় মহিলারাও শবরীমালাতে গিয়ে প্রার্থনা করতে পারত।’ গত বছর সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে স্বামী আয়াপ্পার মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলাদের প্রবেশে কোনও নিষেধাজ্ঞা নেই। এই রায়ের পরেই নভেম্বরে মন্দিরে ঢোকার চেষ্টা করেন ত্রুপ্তি দেশাই, কিন্তু ব্যর্থ হন।
তিনি বলেন, 'আমি যেটা বুঝতে পেরেছি সেটা হল আদালতের নির্দেশ আসা পর্যন্ত মহিলারা মন্দিরে প্রবেশ করতে পারেন এবং কেউ তাতে বাঁধা দেবে না। যে সব মানুষ বলেন এখানে কোনও বৈষম্য নেই, তাঁরা সবাই ভুল বলেন। কারণ মহিলাদের একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত মন্দিরে ঢোকা নিষেধ রয়েছে। আমি ১৬ নভেম্বর সেখানে যাব প্রার্থনা করতে।’ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন যে ধর্মীয় বিশ্বাসের সঙ্গে যুক্ত এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও বিতর্কের প্রয়োজন। সেই কারণে সুপ্রিম কোর্টের সাত সদস্যের ডিভিশন বেঞ্চে তা পাঠানো হল বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। শবরীমালার পাশাপাশি মুসলিম ও পার্সি মহিলারাও তাঁদের ধর্মীয় স্থানে প্রবেশ করতে পারবেন কিনা, সেই সিদ্ধান্তও একই সঙ্গে জানাবে সুপ্রিম কোর্টের সাত সদস্যের ডিভিশন বেঞ্চ।
কেরলের শবরীমালা নিয়ে গত বছরের সেপ্টেম্বরেই সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করে এবং সেই রায় নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে কেরল। রায়ের পরই ৬০–এর বেশি আবেদন জমা পড়ে শীর্ষ আদালতে। আবেদনে বলা হয় যে, শবরীমালার দেবতা একজন ব্রহ্মচারী এবং দশকের পর দশক এই বিশ্বাসই বজায় রয়েছে যে ঋতুমতী মহিলা ভক্তদের প্রবেশ ভগবানকে বিরক্ত করে।












Click it and Unblock the Notifications