পুলওয়ামা থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে বদলার মেজাজে ফুঁসছে সাভালাপেরি গ্রাম,চলছে শহিদ-বরণ
বরফাবৃত পুলওয়ামা থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে তামিলনাড়ুর সাভালপেরি গ্রাম। জঙ্গি হামলায় রক্তস্নাত কাশ্মীরের গভীর প্রভাব পড়েছে দক্ষিণের এই রাজ্যেও।
বরফাবৃত পুলওয়ামা থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে তামিলনাড়ুর সাভালপেরি গ্রাম। জঙ্গি হামলায় রক্তস্নাত কাশ্মীরের গভীর প্রভাব পড়েছে দক্ষিণের এই রাজ্যেও। সাভালপেরির ঘরের ছেলে সুব্রুহ্মমণ্যম যে দেশরক্ষার কর্তব্যপালনে অভিশপ্ত ১৪ ফেব্রুয়ারি হাজির ছিলেন পুলওয়ামার সেই কনভয়ে। যে কনভয়-বিস্ফোরণে এক লহমায় দেশের ৪০ জন বীর সেনা জওয়ানকে হারিয়েছে ভারত। সাভালপেরি আজ ফুঁসছে .. শুধু ঘরের ছেলেকে হারিয়ে নয়, ফুঁসছে এই কাপুরুষোচিত হামলা নিয়ে, সাভালপেরি চাইছে 'বদলা'.. 'যোগ্য জবাব'।

সেদিনের ঘটনা
বিয়ের সবেমাত্র ১৭ মাস কেটেছিল। ঘটনার দিন দুপুর ২ টো নাগাদ স্ত্রীর সঙ্গে কথা হয় ২৮ বছরের সুব্রহ্মমণ্যমের। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে প্রেমের শুভেচ্ছার আদান প্রদানও হয়। এরপর একদিকে সুব্রহ্মমাণ্যম কাশ্মীরে কর্তব্যপালনের স্বার্থে উঠে পড়েন সেই সেনা কনভয়ে। আর তাঁর স্ত্রী কৃষ্ণাবেণী তামিলনাড়ুর সাভালপেরির ছোট্ট গ্রামে নিজের দুনিয়ায় মশগুল হয়ে যান। ঠিক একটা ঘণ্টা কাটতে না কাটতেই, এক ভয়াবহ বিস্ফোরণ, আর তাতেই চিরতরে আলাদা হয়ে গেলেন দুটি মানুষ!

শহিদ বরণ
দেশের ৪০ টি ভিন্ন জায়গায় কাশ্মীর থেকে গিয়ে পৌঁছেছে ৪০ জন বীর শহিদের কফিনবন্দি দেহ। কাঁপা ঠোঁট, চোখে জল নিয়েও দেশ বুকে গর্ব নিয়ে শ্রদ্ধা জানিয়েছে শহিদদের। একই ছবি তামিলনাড়ুর সাভালপেরিতেও। স্ত্রী কৃষ্ণাবেণী এখনও মানতে পারছেন না, তাঁর দুনিয়া কিভাবে এক নিমেষে ছিন্নভিন্ন হয়ে যেতে পারে! মানতে পারছেন না সুব্রহ্মমণ্যমের বাবা গণপতি। পকেটে ভাইয়ের ছবি নিয়ে সজল নয়নে কফিনের সামনে বসেছিলেন সুব্রহ্মমণ্যমের দাদা।

ফুঁসছে গোটা গ্রাম
সুব্রহ্মমণ্যমের ছোটবেলার বন্ধুই হোন, বা সাধারণ গ্রামবাসী, কাশ্মীরের পুলওয়ামা হামলার 'বদলা'র অপেক্ষায় গোটা সাভালপেরি। তামিলনাড়ু থেকে পশ্চিমবঙ্গ, রাজস্থান থেকে উত্তরপ্রদেশ, বিহার থেকে কর্ণাটক, প্রতিটি শহিদ পরিবারে যতটা শোক ততটাই ফুটছে রক্ত। পুলওয়ামায় জইশ হামলার পরবর্তী পর্যায়ে এদেশ কোন জবাব দেয় সেদিকে তাকিয়ে ১৩০ কোটি।












Click it and Unblock the Notifications